আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে মিশরের বিপক্ষে এক নাটকীয় ম্যাচ শেষে আবেগপ্রবণ হয়ে পড়েন লিওনেল মেসি। ম্যাচ জয়ের পর সতীর্থদের সঙ্গে উদযাপনের সময় তাকে চোখের পানি ফেলতে দেখা যায়। নিজের এই প্রতিক্রিয়ার ব্যাখ্যায় মেসি জানিয়েছেন, মূলত স্বস্তি এবং পেনাল্টি মিসের হতাশা—এই দুইয়ের সংমিশ্রণেই তিনি কান্নায় ভেঙে পড়েছিলেন।
ম্যাচটিতে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা বড় ধরনের বিপদের মুখে পড়েছিল। প্রথমার্ধে ইয়াসের ইব্রাহিমের গোলের পর ৬৭ মিনিটে মুস্তাফা জিকোর কাউন্টার অ্যাটাক থেকে করা গোলে ব্যবধান ২-০ হয়ে যায়। এর আগে ১৫ মিনিটে নিকলাস তালিয়াফিকোকে বক্সের ভেতর হাইসেম হাসা ফাউল করলে আর্জেন্টিনা পেনাল্টি পেয়েছিল। কিন্তু মেসির নেওয়া সেই শট সহজেই রুখে দেন মিশরের গোলরক্ষক মোস্তফা শোবেইর। এই বিশ্বকাপে এটি ছিল মেসির আটটি প্রচেষ্টার মধ্যে চতুর্থ পেনাল্টি মিস। মিসের পর তার মুখ দেখেই বোঝা যাচ্ছিল, ম্যাচের ফলাফল নিয়ে তিনি কতটা দুশ্চিন্তায় ছিলেন।
তবে পিছিয়ে থেকেও হার মানেনি ২০২২ বিশ্বকাপ জয়ীরা। ক্রিশ্চিয়ান রোমেরোর হেডে ব্যবধান কমানোর পর মেসি ও এনজো ফার্নান্দেজের লক্ষ্যভেদে মাত্র ১৩ মিনিটের ব্যবধানে দুর্দান্ত প্রত্যাবর্তন নিশ্চিত করে আর্জেন্টিনা। ম্যাচ শেষে মিক্সড জোনে মেসি বলেন, আমরা আবারও অনেক কষ্ট করেছি। তবে বিশ্বকাপ এমনই, প্রতিটি ম্যাচই খুব কাছাকাছি ব্যবধানের হয়। তাই আমি অনেক খুশি।
নিজের আবেগ নিয়ে মেসি আরও বলেন, ২-০ ব্যবধান থেকে ফিরে আসা মোটেও সহজ ছিল না। এই দলটা কখনো হাল ছাড়ে না এবং শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যায়। সতীর্থদের সঙ্গে জয়ের আনন্দ ভাগ করে নেওয়ার মুহূর্তটি সবার জন্যই একধরনের স্বস্তি ছিল বলে জানান তিনি।





