সুপারব্র্যান্ড ওয়ালটন তাদের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ সফলভাবে সম্পন্ন করার স্বীকৃতিস্বরূপ ৩২ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে 'ব্র্যান্ডিং হিরোজ' অ্যাওয়ার্ড প্রদান করেছে। সারাদেশে উদ্ভাবনী প্রচারণামূলক কার্যক্রম এবং বর্ণাঢ্য র্যালির মাধ্যমে ব্র্যান্ডিংয়ে বিশেষ অবদান রাখায় ওয়ালটন প্লাজা ও ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের শাখা ব্যবস্থাপক, পরিবেশক এবং কর্মকর্তাদের এই সম্মাননায় ভূষিত করা হয়।
বৃহস্পতিবার (২০ আগস্ট, ২০২৬) বিকেলে রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন কর্পোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননাপত্র ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম।
পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে এস এম মাহবুবুল আলম বলেন, ওয়ালটন কেবল ক্যাম্পেইন পরিচালনা করে না, বরং মানুষের ভালোবাসা ও উচ্ছ্বাসকে মূল্যায়ন করে। মাঠপর্যায়ে উদ্ভাবনী ব্র্যান্ডিংয়ের মাধ্যমে ওয়ালটনকে দেশের মানুষের আরও কাছে পৌঁছে দেওয়ার এই ধারাবাহিকতা ইলেকট্রনিক্স খাতে কোম্পানিটিকে শীর্ষস্থানে ধরে রেখেছে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চিত্রনায়ক ও ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান। এ সময় আরও উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইভা রিজওয়ানা, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মফিজুর রহমান, ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলম এবং চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ।





