ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে

প্রকাশ:

গত মাসে ভেনেজুয়েলায় আঘাত হানা জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়ে গেছে। বার্তা সংস্থা এএফপির বরাতে জানা গেছে, দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির প্রধান হোর্হে রদ্রিগেজ তার টেলিগ্রাম অ্যাকাউন্টে এই ভয়াবহ প্রাণহানির তথ্য নিশ্চিত করেছেন। তার দেওয়া তথ্যানুযায়ী, এই দুর্যোগে মোট ৫ হাজার ৬৯ জন মানুষ প্রাণ হারিয়েছেন, যাদের একটি বড় অংশই উপকূলীয় অঞ্চলের বাসিন্দা।

গত ২৪ জুন মাত্র এক মিনিটের ব্যবধানে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী দুটি ভূমিকম্প আঘাত হানে। এতে দেশটির রাজধানী কারাকাসের উত্তরে অবস্থিত উপকূলীয় রাজ্য লা গুয়াইরা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়।

ভূমিকম্পে আহত মানুষের সংখ্যা ১৬ হাজার ৭৪০ জনেই অপরিবর্তিত রয়েছে। দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ জানিয়েছেন, আহতদের বেশিরভাগই ইতিমধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। তবে গৃহহীন হয়ে পড়া প্রায় ২০ হাজার মানুষ বর্তমানে জনাকীর্ণ বিভিন্ন ক্যাম্পে মানবেতর জীবনযাপন করছেন। এগুলোর অনেকটিতেই পয়ঃনিষ্কাশন ও পর্যাপ্ত পানি সরবরাহের তীব্র সংকট রয়েছে।

এদিকে, ভূমিকম্প পরবর্তী পুনর্গঠন কাজের জন্য ভেনেজুয়েলা আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ৩৪ কোটি ৬০ লাখ ডলার তহবিল ব্যবহারের পরিকল্পনা করছে বলে শুক্রবার জানিয়েছেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ। যদিও এ বিষয়ে এএফপির পক্ষ থেকে যোগাযোগ করা হলে আইএমএফের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

শেয়ার করুন