রাজধানীর উত্তরা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে মো. মাসুদ পারভেজ সভাপতি এবং মাহতাব ফারাহী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) নির্বাচন কমিশনের পক্ষ থেকে ১২ সদস্য বিশিষ্ট এই নতুন কার্যনির্বাহী কমিটির সংশোধিত চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে বিদায়ী কমিটি আনুষ্ঠানিকভাবে তাদের কাছে দায়িত্ব হস্তান্তর করেছে।
এর আগে গত ২২ জুলাই অনুষ্ঠিত এই নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়েছিল। তবে পরবর্তীতে কিছু অভিযোগের প্রেক্ষিতে ফলাফল স্থগিত করা হয়। এরপর একটি তদন্ত কমিটির মাধ্যমে অভিযোগগুলো নিষ্পত্তি করে নির্বাচন কমিশনের সভায় বিষয়টি পুনরায় পর্যালোচনা করা হয়। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, মো. মাসুদ পারভেজকে সভাপতি পদে বিজয়ী ঘোষণা করে সংশোধিত চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। নির্বাচন কমিশনের সদস্য সচিব শেখ মনিরুজ্জামান জুয়েল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই চূড়ান্ত ফলাফল জানানো হয়েছে।
নতুন কমিটির শপথ বাক্য পাঠ করান অতিরিক্ত নির্বাচন কমিশনার আব্দুল্লাহ আল মামুন। ক্ষমতা হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার সেলিম কবির, নির্বাচন কমিশনার জুয়েল আনান এবং অতিরিক্ত কমিশনার এবিএম মনিরুজ্জামান উপস্থিত ছিলেন। এ সময় বিদায়ী কমিটির সভাপতি আলাউদ্দিন আল আজাদ ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলামসহ বিদায়ী কমিটির অন্যান্য সদস্য এবং ক্লাবের সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
১২ সদস্যের এই কার্যনির্বাহী কমিটির অন্যান্য পদে বিজয়ীরা হলেন—সিনিয়র সহ-সভাপতি মানিক খান, সহ-সভাপতি মো. মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদ আব্দুল্লাহ রাজীব, সাংগঠনিক সম্পাদক শিপার মাহমুদ, অর্থ সম্পাদক শাহজালাল জুয়েল, দপ্তর সম্পাদক রেজাউর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক স্বপন রানা সোহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ইব্রাহিম হাসান, সমাজসেবা সম্পাদক আবুল কালাম আজাদ এবং কার্যকরী সদস্য হিসেবে আব্দুর রউফ চৌধুরী।
নব-নির্বাচিত সভাপতি মো. মাসুদ পারভেজ বর্তমানে নাগরিক টেলিভিশন ও দৈনিক ইনকিলাব পত্রিকার উত্তরা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে বিজয়ী মাহতাব ফারাহী এশিয়া পোস্টে সিনিয়র রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। দায়িত্ব গ্রহণের পর মো. মাসুদ পারভেজ জানান, উত্তরা এলাকায় কর্মরত সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার রক্ষা ও কল্যাণে তিনি কাজ করে যাবেন। একই সঙ্গে উত্তরা প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।





