যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবদাহ: প্রাণহানি বেড়ে ২৫

প্রকাশ:

যুক্তরাষ্ট্রে গত এক সপ্তাহ ধরে চলা ভয়াবহ দাবদাহে দেশজুড়ে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ স্থানীয় সরকারি কর্মকর্তাদের তথ্যের বরাত দিয়ে জানিয়েছে, নিউ জার্সি রাজ্যে সর্বোচ্চ ২২ জন, ইলিনয়ে একজন এবং মিসিসিপিতে দুজনের মৃত্যুর রেকর্ড করা হয়েছে। বর্তমানে দেশটির পূর্ব উপকূল, দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ-পশ্চিম অঞ্চলের প্রায় ৪ কোটি মানুষ চরম গরমের সতর্কতার কবলে রয়েছেন।

আমেরিকার জাতীয় আবহাওয়া দপ্তর (এনএসডব্লিউ) এক বিশেষ সতর্কবার্তায় জানিয়েছে, সোমবার পর্যন্ত পূর্ব উপকূলের বিভিন্ন অঞ্চলে তীব্র বজ্রঝড়, ক্ষতিকর বাতাস, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে। ডেলওয়ার থেকে কানেকটিকাট এবং নিউ ইয়র্ক সিটিসহ প্রায় ৩ কোটি ৪০ লক্ষ মানুষ এই বন্যার সতর্কতার আওতায় আছেন, যেখানে ৭ দশমিক ৬ সেন্টিমিটার বা ৩ ইঞ্চি পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এই প্রতিকূল আবহাওয়ার কারণে পূর্বাঞ্চলীয় বেশ কয়েকটি রাজ্যে বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে, যার ফলে লক্ষ লক্ষ গ্রাহক বিদ্যুৎহীন অবস্থায় চরম ভোগান্তিতে দিন কাটাচ্ছেন। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ফিলাডেলফিয়া, ওয়াশিংটন ডিসি, বাল্টিমোর এবং ফ্লোরিডার জ্যাকসনভিলের মতো শহরগুলোতে আর্দ্রতা ও তাপমাত্রার প্রভাবে অনুভূত তাপমাত্রা ৩৭ দশমিক ৭ থেকে ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে।

নিউ ইয়র্ক সিটির স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, দাবদাহজনিত অসুস্থতার কারণে এ পর্যন্ত শহরের বিভিন্ন হাসপাতালের জরুরি বিভাগে ৩৭৮ জনেরও বেশি মানুষ চিকিৎসা নিয়েছেন। যদিও সপ্তাহের মাঝামাঝি সময়ে পূর্ব উপকূলের অধিকাংশ এলাকার তাপমাত্রা কিছুটা কমে আসার পূর্বাভাস রয়েছে, তবে দেশের অন্যান্য অংশে পরিস্থিতি এখনও বিপজ্জনক। বিশেষ করে ক্যালিফোর্নিয়া ও অ্যারিজোনার ফিনিক্স ও টুসন শহরে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তাপমাত্রা ৪৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে সতর্ক করা হয়েছে।

শেয়ার করুন