মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক ও বাড়তি নজরদারি বজায় রাখার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। অঞ্চলটিতে পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় মার্কিন নাগরিকদের মধ্যপ্রাচ্য ত্যাগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে বলেছে ট্রাম্প প্রশাসন। শনিবার জর্ডান, ইরাক ও ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাস এবং উত্তর ইরাকের এরবিলে মার্কিন কনস্যুলেট জেনারেল থেকে পৃথক নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত সতর্কবার্তায় বলা হয়েছে, ফ্লাইট বাতিল, আকাশসীমা সাময়িকভাবে বন্ধ হওয়া এবং ভ্রমণে নানাবিধ বিঘ্ন ঘটার জন্য নাগরিকদের প্রস্তুত থাকতে হবে। এছাড়া বর্তমানে মধ্যপ্রাচ্যের বাইরে অবস্থানরত মার্কিন নাগরিকদেরও অঞ্চলটিতে ভ্রমণ কিংবা মধ্যপ্রাচ্য হয়ে অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দেওয়া হয়েছে।
দূতাবাসগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে যে, ইরান কিংবা ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো বিদেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাকে লক্ষ্যবস্তু করতে পারে। বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত পরিবর্তনশীল হিসেবে অভিহিত করা হয়েছে। জর্ডানের রাজধানী আম্মানে অবস্থিত মার্কিন দূতাবাস বিশেষভাবে দেশটির নাগরিকদের সামরিক ঘাঁটিগুলোর আশেপাশে না যাওয়ার পরামর্শ দিয়েছে এবং জর্ডান সরকারের নির্দেশনা নিয়মিত পর্যবেক্ষণের আহ্বান জানিয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এই সতর্কবার্তা এলো। সিবিএস নিউজের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন যে ওয়াশিংটন চলতি সপ্তাহান্তে ইরানের বিরুদ্ধে নতুন হামলার পরিকল্পনা করছে।





