ইউক্রেন এবং রাশিয়ার নিয়ন্ত্রিত অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। রাশিয়ার নিয়ন্ত্রিত জাপোরিঝিয়ার আঞ্চলিক গভর্নর ইয়েভগেনি বালিটস্কির তথ্যমতে, গত শুক্রবার রাতে আজভ সাগরের তীরবর্তী কিরিলিভকা গ্রামে অবস্থিত অবকাশ যাপন কেন্দ্রগুলোতে ইউক্রেনীয় বাহিনীর হামলায় দুই শিশুসহ অন্তত আটজন প্রাণ হারিয়েছেন। যুদ্ধ শুরুর পর থেকেই গ্রামটি রুশ বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। এই হামলায় আরও তিন শিশুসহ মোট ১৪ জন আহত হয়েছেন বলে জানান গভর্নর বালিটস্কি। তিনি ইউক্রেনের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ এনেছেন। তবে এই হামলার বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
অন্যদিকে, শনিবার ইউক্রেনের সুমি অঞ্চলে একটি বেসামরিক স্থাপনায় রুশ ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ইউক্রেনের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেহ হ্রিহোরভ জানান, ড্রোনটি আঘাত হানার পর সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। এই হামলায় ইউক্রেনের বেসরকারি ডাক ও কুরিয়ার সেবা প্রতিষ্ঠান ‘নোভা পোশতা’-র তিনজন চালক নিহত হয়েছেন।
এই রক্তক্ষয়ী হামলাগুলো এমন এক সময়ে সংঘটিত হলো, যার মাত্র কয়েক ঘণ্টা আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার সন্ধ্যায় তার নিয়মিত ভাষণে সতর্কবার্তা দিয়েছিলেন। গোয়েন্দা তথ্যের বরাতে তিনি জানিয়েছিলেন যে, ইউক্রেনে একটি বড় ধরনের রুশ হামলা আসন্ন।





