বৃটেনে ভুল পথে আসা গাড়ির সাথে পুলিশের সংঘর্ষে নিহত ৭

প্রকাশ:

বৃটেনের উত্তর ইয়র্কশায়ার এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) ভোর ৩টা ৩৯ মিনিটে মিডলসব্রোর কাছে সাউথ ব্যাংক এলাকার এ৬৬ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ভক্সওয়াগন পাসাট মডেলের একটি গাড়ি মহাসড়কে ভুল দিক দিয়ে আসছিল। এসময় কর্তব্যরত ক্লিভল্যান্ড পুলিশের একটি গাড়ির সাথে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পুলিশের গাড়িতে থাকা দুই কর্মকর্তা এবং অপর গাড়ির পাঁচ আরোহী ঘটনাস্থলেই প্রাণ হারান।

দুর্ঘটনার পরপরই নর্থ ইস্ট অ্যাম্বুলেন্স সার্ভিসের ১৪টি ইউনিট উদ্ধারকাজে অংশ নেয়। এর মধ্যে অ্যাম্বুলেন্স দল, বিশেষজ্ঞ প্যারামেডিক, গ্রেট নর্থ এয়ার অ্যাম্বুলেন্সের চিকিৎসক এবং বিশেষ ঝুঁকি মোকাবিলা দল ছিল। পাশাপাশি ফায়ার সার্ভিসের সদস্যরাও উদ্ধার অভিযানে সহায়তা করেন।

পুলিশের তদারকি সংস্থা জানিয়েছে, সংঘর্ষের আগে পুলিশ কর্মকর্তারা একটি সন্দেহজনক গাড়ি দেখতে পেয়েছিলেন এবং সেটিকে অনুসরণ করা হচ্ছিল। নিহত পাঁচ সাধারণ নাগরিকের পরিচয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করার প্রক্রিয়া চলছে। যাদের পরিচয় পাওয়া গেছে, তাদের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে এবং বিশেষ সহায়তা দেওয়া হচ্ছে।

ঘটনার পরিস্থিতি ও এর আগের প্রেক্ষাপট খতিয়ে দেখতে স্বাধীন পুলিশ আচরণবিষয়ক সংস্থা আইওপিসি তদন্ত শুরু করেছে। এছাড়া ক্লিভল্যান্ড পুলিশের পক্ষ থেকেও ঘটনার তদন্ত চলছে।

শেয়ার করুন