বাংলাদেশে গাড়িচালকদের জন্য নতুন হাইব্রিড সাবস্ক্রিপশন মডেল চালু করেছে অ্যাপ-ভিত্তিক রাইড-শেয়ারিং প্রতিষ্ঠান উবার। এই নতুন ব্যবস্থার মাধ্যমে চালকরা এখন নিজেদের কাজের ধরন ও প্রয়োজন অনুযায়ী ‘সময়ভিত্তিক’ অথবা ‘আয়ভিত্তিক’ সাবস্ক্রিপশন পাস বেছে নিতে পারবেন। এর আগে চলতি বছরের শুরুতে মোটরসাইকেল চালকদের জন্য এই সুবিধাটি চালু করা হয়েছিল, যার ইতিবাচক সাড়ার পর এবার গাড়িচালকদের জন্যও তা উন্মুক্ত করা হলো।
নতুন এই মডেলের আওতায় সাবস্ক্রিপশন ব্যবহারকারী চালকরা প্রতিটি ট্রিপে শূন্য শতাংশ কমিশন সুবিধা পাবেন। এর ফলে ট্রিপ থেকে অর্জিত পুরো অর্থই চালকের কাছে থাকবে এবং তাকে কেবল নির্ধারিত সাবস্ক্রিপশন ফি পরিশোধ করতে হবে। উবার কর্তৃপক্ষ জানিয়েছে, এই উদ্যোগ চালকদের খরচের কাঠামোকে আরও সহজ ও পূর্বানুমানযোগ্য করে তুলবে, যা তাদের বেশি ট্রিপ নেওয়ার ক্ষেত্রে উৎসাহিত করবে।
উবার বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার রেদোয়ান রেজভী বলেন, চালকদের জন্য প্ল্যাটফর্মে কাজ আরও সহজ ও লাভজনক করাই তাদের মূল লক্ষ্য। তিনি আশা প্রকাশ করেন যে, এই উদ্যোগ চালকদের আয়ের সুযোগ বাড়ানোর পাশাপাশি দেশের রাইড-শেয়ারিং খাতে নিরাপত্তা, স্বচ্ছতা ও আস্থা আরও জোরদার করবে।
উবার অ্যাপের মাধ্যমে রাইড-শেয়ারিংয়ের ক্ষেত্রে আগের মতোই জিপিএস ট্র্যাকিং, স্বচ্ছ ভাড়া এবং জরুরি সহায়তার মতো নিরাপত্তা সুবিধাগুলো বহাল থাকবে। চালকদের জন্য প্ল্যাটফর্মটি ব্যবহারের অভিজ্ঞতা আরও উন্নত করতেই এই নতুন সাবস্ক্রিপশন মডেলটি আনা হয়েছে।




