চীনের পূর্ব উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ডলফিন। ঝড়ের প্রভাবে সাংহাইয়ের দুটি বিমানবন্দরসহ বিভিন্ন এলাকায় ফ্লাইট চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। ঝড়ের প্রভাবে সাংহাইয়ের হংকিয়াও ও পুডং বিমানবন্দর থেকে আসা-যাওয়ার প্রায় ১,৪০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া ঝেজিয়াংয়ের হাংঝৌ বিমানবন্দরে প্রায় ২৭০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে বেশ কিছু এলাকায় ট্রেন চলাচলও স্থগিত করা হয়েছে।
চীনের আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, রোববার বিকাল সাড়ে ৫টার দিকে ঝেজিয়াং প্রদেশের ইউহুয়ান শহরের কাছে টাইফুন ডলফিন স্থলভাগে আঘাত হানে। স্থলভাগে আঘাত হানার সময় ঝড়টির কেন্দ্রের কাছাকাছি বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৫০ কিলোমিটার ছাড়িয়ে গিয়েছিল। এর আগে শনিবার ঝড়টির বহিরাংশ উত্তর তাইওয়ানে ব্যাপক বৃষ্টিপাত ঘটায়। ঝেজিয়াংয়ের তাইঝো শহর এবং ফুজিয়ান প্রদেশের উত্তরাঞ্চলে আঘাত হানার সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ৯৩ মাইল।
চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র রোববার সকালে টাইফুন ডলফিনের জন্য সর্বোচ্চ সতর্কবার্তা বা 'রেড অ্যালার্ট' জারি করেছে। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে বিভিন্ন এলাকায় ৮ থেকে ১৬ ইঞ্চি (২৫০ থেকে ৫০০ মিলিমিটার) পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। ঝেজিয়াংয়ের মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলে অতিভারি বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। সোমবার বিকালের মধ্যে সাংহাই, ফুজিয়ান, আনহুই ও জিয়াংসু প্রদেশের কিছু অংশেও ভারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।
প্রবল বৃষ্টিতে ভয়াবহ বন্যার পাশাপাশি ভূমিধসের উচ্চ ঝুঁকির বিষয়েও সতর্ক করেছে কর্তৃপক্ষ। ঝড়ের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে ৩ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শুধুমাত্র ওয়েনঝৌ শহর থেকেই প্রায় ৯ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে এবং সাধারণ মানুষের জন্য এক হাজারেরও বেশি জরুরি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এছাড়া ঝেজিয়াং ও ফুজিয়ান অঞ্চলে ২০০টিরও বেশি ফেরি চলাচল স্থগিত করা হয়েছে এবং উপকূলীয় প্রকল্পগুলোর কাজ বন্ধ রেখে নির্মাণকাজে ব্যবহৃত জাহাজগুলোকে বন্দরে ফিরিয়ে আনা হয়েছে।
চীনের পূর্ব উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ডলফিন। ঝড়ের প্রভাবে সাংহাইয়ের দুটি বিমানবন্দরে অন্তত ১ হাজার ৩০০ ফ্লাইট বাতিল করা হয়েছে। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে ৩ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দেখা দিয়েছে বন্যার আশঙ্কা।





