দেশের শিশুদের টাইফয়েড জ্বরের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় নিয়মিত টিকাদান কর্মসূচিতে (ইপিআই) টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী ১ আগস্ট থেকে ১৫ মাস বয়সী শিশুদের এই টিকা দেওয়ার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে। স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) শাখা থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা গতকাল সোমবার জারি করা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, দেশের সব বিভাগীয় পরিচালক, সিভিল সার্জন, সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের মাঠপর্যায়ে প্রয়োজনীয় প্রস্তুতি ও বাস্তবায়নের পদক্ষেপ নিতে বলা হয়েছে। জাতীয় টিকাদান কারিগরি পরামর্শক কমিটির সুপারিশ এবং আন্তসংস্থা সমন্বয় কমিটির সিদ্ধান্তের ভিত্তিতেই এই টিকা নিয়মিত কর্মসূচিতে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইপিআইয়ের আওতায় স্থায়ী ও অস্থায়ী টিকাদানকেন্দ্রের মাধ্যমে ১৫ মাস বয়সী সব শিশুকে এক ডোজ টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) দেওয়া হবে। একই সেশনে এমআর-২ (গজ-২) টিকার সঙ্গে এই টিকা একযোগে দেওয়ার সুযোগ রয়েছে। মাঠকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে লক্ষ্যমাত্রাভুক্ত শিশু শনাক্ত, টিকার চাহিদা নির্ধারণ এবং টিকাদান নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া শিশুদের ভ্যাক্স: ইপিআই অ্যাপে নিবন্ধন, টিকা কার্ড ডাউনলোড এবং টিকা প্রদানের পর স্মার্ট হেলথ বিডি বা ই-ট্র্যাকার অ্যাপের মাধ্যমে তথ্য হালনাগাদ করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। উপজেলা পর্যায়ের সমন্বয় সভার মাধ্যমে জন্মনিবন্ধন প্রক্রিয়া সহজীকরণের ব্যবস্থাও নিতে বলা হয়েছে।
ভ্যাকসিন ব্যবস্থাপনার বিষয়ে জানানো হয়েছে, নিয়মিত কর্মসূচিতে ৫ ডোজের ভায়াল ব্যবহার করা হবে এবং এগুলো ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ ও পরিবহন করতে হবে। ভ্যাকসিনের অপচয় কমাতে মাল্টিডোজ ভায়াল নীতিমালা অনুসরণ করে নির্ধারিত শর্ত সাপেক্ষে খোলা ভায়াল পরবর্তী সেশনেও ব্যবহারের সুযোগ রাখা হয়েছে।
অভিভাবকদের মধ্যে সচেতনতা বাড়াতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, ধর্মীয় ও কমিউনিটি নেতাদের সম্পৃক্ত করে বাড়ি বাড়ি যোগাযোগ, মাইকিং, উঠান বৈঠক এবং আন্তব্যক্তিক যোগাযোগ কার্যক্রম জোরদার করার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সংশ্লিষ্ট সব পর্যায়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।




