যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের প্রধান তেল হাব হিসেবে পরিচিত খার্গ দ্বীপ ধ্বংসের দুটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ভিডিও পোস্ট করেছেন। হরমুজ প্রণালির লারক দ্বীপে মার্কিন সামরিক হামলার মাত্র কয়েক ঘণ্টা পরই তিনি এই ভিডিওগুলো শেয়ার করেন। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে শেয়ার করা ওই এআই ভিডিওগুলোতে তেলের ট্যাংকার ও সংরক্ষণাগারে ভয়াবহ বিস্ফোরণের দৃশ্য দেখানো হয়েছে। ভিডিওটির ক্যাপশনে ট্রাম্প লিখেছেন, খার্গ দ্বীপকে উড়িয়ে দেয়া হচ্ছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই দ্বীপ থেকেই ইরানের মোট তেল রপ্তানির প্রায় ৯০ শতাংশ পরিচালিত হয়।
এর আগে যুদ্ধ শুরুর পর থেকেই খার্গ দ্বীপ ধ্বংস বা দখলের হুমকি দিয়ে আসছিলেন ট্রাম্প। ওপেকের তৃতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ ইরানের এই গভীর সমুদ্রের ঘাঁটিতে হামলা চালানো হলে তা দেশটির জ্বালানি বাণিজ্য ও অর্থনীতিকে মারাত্মক বিপর্যয়ের মুখে ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।





