ইরানের সঙ্গে চলমান সংঘাত খুব দ্রুত শেষ হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (৬ আগস্ট) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমার মনে হয় যুদ্ধটা খুব শিগগিরই শেষ হবে। তারা আর খুব বেশি দিন এটি চালিয়ে যেতে পারবে বলে আমি মনে করি না।
একই সঙ্গে ট্রাম্প যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার ওপর প্রভাব পড়ার বিষয়টি স্বীকার করেছেন। রয়টার্সের একটি প্রতিবেদন অনুযায়ী, ইরানের সঙ্গে গত পাঁচ মাস ধরে চলা এই সংঘাতে যুক্তরাষ্ট্র তাদের বৈশ্বিক মজুত থেকে উল্লেখযোগ্য পরিমাণ উচ্চ-নির্ভুলতার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।
অস্ত্রের মজুত নিয়ে এক প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট জানান, যুক্তরাষ্ট্রের কাছে কিছু ধরনের অত্যাধুনিক গোলাবারুদের সরবরাহ প্রায় সীমাহীন থাকলেও অন্য কিছু অস্ত্রের ক্ষেত্রে মজুত তুলনামূলকভাবে কমে এসেছে।
এই সংকট মোকাবিলা ও ভবিষ্যৎ চাহিদা পূরণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা শিল্প নতুন উৎপাদন কারখানা নির্মাণ করছে বলেও তিনি নিশ্চিত করেছেন। ট্রাম্প জানান, প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র এবং টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎপাদনের নতুন স্থাপনা তৈরির কাজ চলমান রয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান এই সংঘাত ও অস্ত্রের মজুত পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ অব্যাহত রয়েছে।





