জুলাই মাসে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম ও সাবেক যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার ট্রাইব্যুনাল-২ এ এই অভিযোগ দাখিল করা হয়। অভিযোগ আমলে নেয়ার পাশাপাশি ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল।
এদিকে মানবতাবিরোধী অপরাধের অপর একটি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী এবং সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির জামিন শুনানির জন্য ১৭ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। এছাড়া, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে গুমের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে আগামী ২৭ অক্টোবরের মধ্যে তাকে নিয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।





