ইয়াশের ‘টক্সিক’ সিনেমার ট্রেলারে অ্যাকশন ও সম্পর্কের জটিল সমীকরণ

প্রকাশ:

অ্যাকশন, রাগ, প্রতিশোধ, লোভ এবং অন্ধকার অতীতের এক নতুন জগৎ নিয়ে দর্শকদের সামনে হাজির হয়েছে ইয়াশের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: অ্যা ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’। গত ৮ আগস্ট সিনেমাটির ট্রেলার প্রকাশিত হয়েছে, যেখানে ইয়াশকে ঘিরেই গল্পের মূল সংঘাত আবর্তিত হয়েছে। গীতু মোহানদাস পরিচালিত এই ছবিতে ইয়াশকে রায়া ও রুমি নামে দ্বৈত চরিত্রে দেখা যাবে। ট্রেলারে বন্দুকযুদ্ধ, বিস্ফোরণ ও রক্তপাতের পাশাপাশি নারীবিদ্বেষ, ক্ষমতার লড়াই এবং হৃদয়ভাঙার মতো বিষয়গুলো উঠে এসেছে।

ছবিটিতে ইয়াশের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কিয়ারা আদভানি (নাদিয়া), নয়নতারা (গঙ্গা), তারা সুতারিয়া (রেবেকা), রুক্মিণী বসন্ত (মেলিসা) এবং হুমা কুরেশি (এলিজাবেথ)। ট্রেলারের শেষদিকে রায়া ও ‘টক্সিক’-এর মধ্যকার হাতাহাতির দৃশ্য বাবা ও ছেলের আদর্শগত সংঘাতের ইঙ্গিত দেয়, যা প্রমাণ করে যে ছবিটি কেবল অ্যাকশননির্ভর নয়, বরং এতে পারিবারিক ও মানসিক দ্বন্দ্বও প্রধান অনুষঙ্গ হিসেবে থাকবে।

‘টক্সিক’ নির্মিত হয়েছে কন্নড় ও ইংরেজি ভাষায়। তবে নির্মাতাদের লক্ষ্য ছবিটিকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দেওয়া, যার অংশ হিসেবে পরবর্তীতে হিন্দি, তেলুগু, তামিল ও মালয়ালমসহ বিভিন্ন ভাষায় ডাবিং করা হবে। ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত বেঙ্গালুরু, মুম্বাই, গোয়া, তুতিকোরিন ও জয়পুরে ছবিটির শুটিং সম্পন্ন হয়েছে।

কারিগরি দিক থেকে ছবিটি বেশ শক্তিশালী। এর চিত্রগ্রাহক জাতীয় পুরস্কারজয়ী রাজীব রবি, সংগীত পরিচালক রবি বসরুর, সম্পাদক উজ্জ্বল কুলকার্নি এবং প্রোডাকশন ডিজাইনার টি পি আবিদ। অ্যাকশন দৃশ্যের পরিচালনায় হলিউডের ‘জন উইক’ খ্যাত জে জে পেরির সঙ্গে কাজ করেছেন ভারতীয় স্টান্ট বিশেষজ্ঞ অনবড়িব ও কেচা খামফাকদি।

এর আগে প্রকাশিত ‘তাবাহি’ গানটি ইয়াশ-কিয়ারার রসায়ন ও ঘনিষ্ঠ দৃশ্যের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। সম্প্রতি ‘মনমোহকা’ শিরোনামের নতুন একটি গানও প্রকাশিত হয়েছে, যেখানে ইয়াশের সঙ্গে তারা সুতারিয়া ও কিয়ারাকে দেখা গেছে। ভেঙ্কট কে. নারায়ণ ও ইয়াশ প্রযোজিত এই সিনেমাটি ২৬ আগস্ট ২০২৬ বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন