বগুড়ায় পুকুরে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রকাশ:

বগুড়ার কাহালু উপজেলায় পুকুরের পানিতে ডুবে ভাইবোনসহ তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ভালতা আদর্শ গুচ্ছগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো ওই এলাকার মো. ফারুকের সন্তান ফাহিম (৮) ও সুরাইয়া খাতুন (৬) এবং তাদের প্রতিবেশী রাশেদুল ইসলামের ছেলে জাকিরুল ইসলাম (৬)।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে শিশু তিনটি বাড়ির পাশে খেলতে যায়। একপর্যায়ে তারা গোসল করার জন্য বাড়ির কাছের একটি পুকুরে নামে। পানিতে লাফালাফি করার সময় সাঁতার না জানায় তারা ডুবে যায়। দীর্ঘক্ষণ শিশুদের কোনো খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা তাদের খুঁজতে শুরু করেন। এক পর্যায়ে স্থানীয়রা জাকিরুলের চুল পানির ওপর ভেসে থাকতে দেখেন এবং উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। স্থানীয়দের প্রচেষ্টায় জাকিরুল ও সুরাইয়ার মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে ফাহিমের মরদেহ উদ্ধার করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাহালু থানার উপপরিদর্শক (এসআই) ব্রজেন চন্দ্র মাহাতো জানান, তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন