তেঁতুলিয়ায় শিশু ধর্ষণ ও আপসের প্রতিবাদে ঝাড়ু-জুতা নিয়ে বিক্ষোভ

প্রকাশ:

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে জড়িতদের বিচার এবং ঘটনাটি আপসের মাধ্যমে ধামাচাপা দেওয়ার প্রতিবাদে স্থানীয়রা ঝাড়ু ও জুতা হাতে নিয়ে বিক্ষোভ করেছেন। শনিবার (২৯ আগস্ট) বিকেলে তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের পঞ্চগড়-তেঁতুলিয়া-বাংলাবান্ধা জাতীয় মহাসড়কের রবীন্দ্র স্মরণী বাইপাস এলাকায় এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভকারীরা প্রায় দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন।

স্থানীয়দের অভিযোগ, কয়েক দিন আগে উপজেলার তাইয়াগছ এলাকায় প্রতিবেশী এক ছয় বছরের শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তি সানোয়ার হোসেন নামে একজন বৃদ্ধ। ঘটনার পর শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হলেও থানায় মামলা না করে একটি মহল ভুক্তভোগী পরিবারকে অর্থের প্রলোভন দেখিয়ে ঘটনাটি আপস করিয়েছে বলে স্থানীয়রা দাবি করেছেন।

বিক্ষোভকারীরা সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেত্রী সুলতানা রাজিয়ার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। তাদের দাবি, টাকা দিয়ে তিনি ভুক্তভোগী শিশুর বাবাকে গণমাধ্যম ও পুলিশ প্রশাসনের কাছে ঘটনাটি জানাতে নিষেধ করেছেন। এর আগেও এই বিএনপি নেত্রীর বিরুদ্ধে বাজারে এক যুবককে মারধর, সুবিধা না পেলে বিভিন্ন কৌশলে ফাঁসিয়ে দেওয়া এবং মেয়েঘটিত ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, ঘটনার প্রতিবাদ করতে গেলে অভিযুক্তের পরিবারের পক্ষ থেকে তাদের হুমকি-ধমকি দেওয়া হয়।

ভুক্তভোগী শিশুর দাদা দাবি করেছেন, সুলতানা রাজিয়া দায়িত্ব নিয়ে বলেছিলেন মামলা হবে না, আপস হবে এবং তাকে টাকাও দেওয়া হয়েছে। তবে সুলতানা রাজিয়া এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি আপসের ঘটনায় জড়িত নন এবং বেশ কিছু দিন ধরে ঢাকায় রয়েছেন।

অবরোধের খবর পেয়ে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসাইন, সহকারী কমিশনার (ভূমি) এস এম আকাশ, তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ঘটনাস্থলে যান। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তেঁতুলিয়া মডেল থানার ওসি লাইছুর রহমান জানান, ঘটনাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসাইনও ভুক্তভোগী পরিবারকে ন্যায়বিচার দেওয়ার বিষয়ে আশ্বস্ত করেছেন।

শেয়ার করুন