রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে রিকশা থেকে পড়ে শিক্ষিকা রনজিনা পারভীনের (৫৫) মৃত্যুর ঘটনায় জড়িত দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বুধবার গণমাধ্যমকে এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ছিনতাইকৃত মালামাল উদ্ধার করা হয়েছে। এছাড়া তাদের কাছে ইয়াবা ট্যাবলেটও পাওয়া গেছে। রাজধানীর একটি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে বিস্তারিত তথ্য আজ দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হবে বলে পুলিশ জানিয়েছে।
উল্লেখ্য, গত ৩০ আগস্ট রিকশা থেকে পড়ে ওই শিক্ষিকার মৃত্যুর ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে রাজধানীর শেরে বাংলা নগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল।





