ঢাকায় ৮০০ প্রশিক্ষণার্থীর টিডিপি অ্যাডভান্সড মৌলিক প্রশিক্ষণের সমাপনী

প্রকাশ:

রাজধানী ঢাকার চারটি জোনে শহর প্রতিরক্ষা দলের (টিডিপি) ২৪ দিন মেয়াদি ‘অ্যাডভান্সড মৌলিক প্রশিক্ষণ (পুরুষ ও মহিলা ১ম ধাপ)’ সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (২৫ জুলাই) এক বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মোট ৮০০ জন প্রশিক্ষণার্থীর হাতে সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে কৃতী প্রশিক্ষণার্থীদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের বিশেষ পুরস্কার প্রদান করা হয় এবং উপস্থিত সবাইকে দেশ ও মানুষের সেবার শপথ বাক্য পাঠ করানো হয়।

প্রশিক্ষণ শেষে আইন-শৃঙ্খলা রক্ষা ও সমাজ গঠনে উদ্বুদ্ধ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর টিডিপি সদস্যদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। প্রশিক্ষণটি ঢাকার পূর্ব জোনের ডেমরা ও মতিঝিল; দক্ষিণ জোনের চকবাজার ও কোতোয়ালি; পশ্চিম জোনের পল্লবী ও শেরেবাংলানগর এবং উত্তর জোনের দক্ষিণখান ও গুলশান থানার নির্ধারিত কেন্দ্রগুলোতে অনুষ্ঠিত হয়। প্রতিটি জোনে ১০০ জন পুরুষ ও ১০০ জন নারী প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

ঢাকা মহানগর আনসারের (ডিএমএ) পরিচালক জনাব মোঃ আসাদুজ্জামান গনী প্রধান অতিথি হিসেবে সশরীরে ও ভার্চুয়ালি যুক্ত থেকে জোন অধিনায়কদের উপস্থিতিতে এই সমাপনী অনুষ্ঠান সম্পন্ন করেন। সংশ্লিষ্টরা জানান, রাজধানীর মাঠপর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করতে এবং জননিরাপত্তা রক্ষায় এই আধুনিক প্রশিক্ষণ অগ্রণী ভূমিকা পালন করবে। এছাড়া প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ ভাতা ও যাতায়াত ভাতা তাদের নিজ নিজ মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে প্রদান করা হবে।

শেয়ার করুন