বর্তমানে ভারতে অবস্থানরত বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন বাংলাদেশে ফিরে তার ওপর নির্যাতনকারী হিসেবে অভিযুক্ত কবি, সাহিত্যিক ও সাংবাদিকদের বিরুদ্ধে ফৌজদারি আইনে অভিযোগ দায়ের করতে পারবেন। এটি তার সাংবিধানিক ও আইনগত অধিকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তসলিমা নাসরিন তার আত্মজীবনীমূলক গ্রন্থ 'ক' (ভারতে 'দ্বিখণ্ডিত' নামে প্রকাশিত)-তে দেশের খ্যাতনামা কয়েকজন কবি, সাহিত্যিক, বামপন্থী বুদ্ধিজীবী ও বিজ্ঞানমনস্ক সাংবাদিকের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে ধর্ষণ, শারীরিক নির্যাতন ও যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন। তিনি দাবি করেছেন, এসব ব্যক্তি তাকে দেশে ফিরতে বাধা দিচ্ছেন। বর্তমান সরকার এ বিষয়ে কী পদক্ষেপ নেবে—এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, তসলিমা নাসরিন যদি দেশে এসে এসব বিষয়ে আইনের আশ্রয় নেন, তবে আদালত স্বাভাবিক গতিতেই তা বিবেচনা করবে। কারণ ফৌজদারি অপরাধ কখনো তামাদি হয় না।
তিনি আরও বলেন, তসলিমা নাসরিন যেহেতু ভুক্তভোগী, তাই তিনি যাদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন তাদের বিরুদ্ধে আদালতে যাওয়ার অধিকার রাখেন। এটি সম্পূর্ণ তার নিজস্ব বিষয়। উল্লেখ্য, তসলিমা নাসরিনের বইটিতে ইমদাদুল হক মিলন ও সৈয়দ শামসুল হকের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কের কথা এবং যৌন নিপীড়নের অভিযোগের বিস্তারিত বিবরণ রয়েছে। কবি সৈয়দ শামসুল হক এ নিয়ে মানহানির মামলাও করেছিলেন।





