যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন

প্রকাশ:

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানিয়েছেন তারেক রহমান। সোমবার (২০ জুলাই) এক শুভেচ্ছা বার্তায় তিনি লেবার পার্টির নেতা বার্নহ্যামকে এই অভিনন্দন জানান। একইসঙ্গে দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করতে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তারেক রহমান তার চিঠিতে বাংলাদেশ সরকার, দেশের জনগণ এবং নিজের পক্ষ থেকে অ্যান্ডি বার্নহ্যামকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, এই বিজয় যুক্তরাজ্যের সাধারণ জনগণ এবং লেবার পার্টির পক্ষ থেকে বার্নহ্যামের নেতৃত্বের প্রতি আস্থার প্রতিফলন। তার নেতৃত্বে যুক্তরাজ্য শান্তি, সমৃদ্ধি, গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও টেকসই উন্নয়নের পথে আরও এগিয়ে যাবে এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বাংলাদেশ ও যুক্তরাজ্যের ঐতিহাসিক ও বহুমাত্রিক সম্পর্কের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধা, কমনওয়েলথের আদর্শ এবং জনগণের নিবিড় যোগাযোগের ভিত্তিতে এই সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, শিক্ষা, নিরাপত্তা, অভিবাসন ও সাংস্কৃতিক বিনিময়ের মতো বিভিন্ন ক্ষেত্রে এই সহযোগিতা ক্রমশ বিস্তৃত হচ্ছে।

চিঠিতে তিনি আরও বলেন, যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা দুই দেশের বন্ধুত্বের সেতুবন্ধ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং উভয় দেশের অর্থনীতি ও সাংস্কৃতিক বৈচিত্র্যে উল্লেখযোগ্য অবদান রাখছেন। বাংলাদেশ ও যুক্তরাজ্যের কৌশলগত অংশীদারত্ব আরও গভীর করার আগ্রহ প্রকাশ করে তারেক রহমান পারস্পরিক সুবিধাজনক সময়ে অ্যান্ডি বার্নহ্যামকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

শেয়ার করুন