জনপ্রিয় তারকাদের জীবনের বাইরের অজানা গল্পগুলো নিয়ে নির্মিত সেলিব্রেটি টকশো ‘স্টার স্টোরিজ’। আগামী ১০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার রাত ৮টায় প্রচারিত হতে যাওয়া অনুষ্ঠানটির দ্বিতীয় পর্বে অতিথি হিসেবে থাকছেন অভিনেত্রী ও সংগীতশিল্পী জিনাত শানু স্বাগতা। উপস্থাপক পান্থ আফজালের সঙ্গে এই আড্ডায় শোবিজের কাজের ধরন থেকে শুরু করে ব্যক্তিগত জীবনের বিভিন্ন অধ্যায় নিয়ে কথা বলেছেন তিনি।
আলাপচারিতায় স্বাগতা শোবিজ ইন্ডাস্ট্রির বর্তমান পরিস্থিতি নিয়ে বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি অভিযোগ করেন যে, ইন্ডাস্ট্রিতে স্বজনপ্রীতি, পলিটিক্স, গ্রুপিং এবং সিন্ডিকেট ও লবিংয়ের প্রভাব অনেক বেশি। এই পরিস্থিতির কারণে যোগ্য ও দক্ষ শিল্পীরা কাজ থেকে বঞ্চিত হচ্ছেন বলে তিনি জানান। স্বাগতা আরও বলেন, ভালো কাজ করা সত্ত্বেও তাকে বাদ দেওয়া হয়েছে এবং তার মতো অনেকেই এই পরিস্থিতির কারণে হতাশ হয়ে শোবিজ থেকে দূরে সরে গেছেন।
সোশ্যাল মিডিয়ার ব্যবহার ও সামাজিক দৃষ্টিভঙ্গি নিয়েও নিজের মতামত তুলে ধরেন এই অভিনেত্রী। তিনি বলেন, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় লিভ-টুগেদার কিংবা দ্বিতীয়-তৃতীয় বিয়ের মতো বিষয়গুলো মানুষ ভিউ করছে এবং দেখতে পছন্দ করছে। কিন্তু এই বিষয়গুলোর সঙ্গে যখন কেউ ব্যক্তিগতভাবে জড়িয়ে পড়ে, তখন সমাজ তা সহজে মেনে নিতে পারে না।
অনুষ্ঠানটিতে সম্পর্ক, ভালোবাসা, বিয়ে এবং মিডিয়া পলিটিক্স নিয়ে আলোচনার পাশাপাশি থাকছে ফান অ্যান্ড গেম এবং র্যাপিড ফায়ার রাউন্ড। সেখানে স্বাগতার ব্যক্তিগত জীবন ও বিভিন্ন মজার প্রশ্নের উত্তর পাওয়া যাবে। ‘স্টার স্টোরিজ’ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন নাবিলা মারজুক এবং এটি দেখা যাবে ‘আগামীর সময় এন্টারটেইনমেন্ট’-এর ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।





