আজ কাবা শরিফের ঠিক ওপরে অবস্থান করবে সূর্য

প্রকাশ:

পবিত্র কাবা শরিফ আজ এক বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে। বুধবার সূর্য ঠিক কাবা শরিফের ওপরে অবস্থান করবে, যার ফলে কিছু সময়ের জন্য পবিত্র কাবা শরিফের কোনো ছায়া দৃশ্যমান হবে না। বছরে দুইবার এমন বিরল ঘটনা ঘটে থাকে। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, এই প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে নিখুঁতভাবে কিবলার দিক নির্ণয় করা সম্ভব হয়।

জেদ্দা অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির তথ্য অনুযায়ী, স্থানীয় সময় আজ দুপুর ১২টা ২৬ মিনিট ৪৪ সেকেন্ডে সূর্য পবিত্র কাবার ঠিক ৯০ ডিগ্রি ওপরে অবস্থান করবে। ওই নির্দিষ্ট মুহূর্তে সূর্য এবং কাবা একই উল্লম্ব রেখায় থাকায় কাবার ছায়া সম্পূর্ণভাবে বিলীন হয়ে যাবে।

জেদ্দা অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সভাপতি মাজেদ আবু জাহরা জানিয়েছেন, যে সব স্থানে সেই মুহূর্তে সূর্য দিগন্তের ওপরে দৃশ্যমান থাকবে, সেসব জায়গা থেকে সূর্য সরাসরি কাবার দিকে থাকবে। এর ফলে যেকোনো খাড়া বস্তুর ছায়া ঠিক কাবার ছায়ার বিপরীত দিকে পড়বে।

বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, এই ঘটনার মাধ্যমে কিবলার দিক নির্ধারণ করতে চাইলে পর্যবেক্ষকরা সমতল কোনো জায়গায় একটি বস্তু খাড়াভাবে স্থাপন করতে পারেন। এরপর নির্ধারিত সময়ে সূর্য বা ওই বস্তুর ছায়ার দিক অনুসরণ করে খুব সহজেই কিবলার সঠিক দিক নির্ণয় করা সম্ভব হবে।

শেয়ার করুন