ফাইনালে প্রতিপক্ষ হিসেবে কাকে চান, জানালেন স্প্যানিশ কোচ দে লা ফুয়েন্তে

প্রকাশ:

ফ্রান্সকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেওয়ার পর থেকেই স্পেন জুড়ে উৎসবের আমেজ বইছে। ইতিহাসের দ্বিতীয় শিরোপা জয়ের খুব কাছে পৌঁছে যাওয়া দলটির কোচ লুইস দে লা ফুয়েন্তে অবশ্য এই আনন্দের মধ্যেও নিজের স্বাভাবিক শান্ত ভাব বজায় রেখেছেন। তবে তার কণ্ঠে স্পষ্ট ছিল আবেগের ছাপ। ফাইনালের সম্ভাব্য প্রতিপক্ষ নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, কোনো নির্দিষ্ট দলের প্রতি তার পক্ষপাত নেই, তবে আবেগীয় দিক থেকে তার আগ্রহের জায়গা রয়েছে।

দে লা ফুয়েন্তে বলেন, লিওনেল স্কালোনির সঙ্গে ব্যক্তিগত বন্ধুত্বের কারণে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার বিষয়ে তার বাড়তি আগ্রহ কাজ করছে। একইসঙ্গে ইংল্যান্ড দলের সামর্থ্যকেও তিনি সমানভাবে শ্রদ্ধা করেন। তিনি জানান, বিশ্বকাপ শুরুর আগেই ইংল্যান্ডকে অন্যতম প্রকৃত শিরোপাপ্রত্যাশী দল হিসেবে মনে করেছিলেন তিনি। সেমিফাইনালিস্ট দলগুলোর মান নিয়ে মন্তব্য করতে গিয়ে স্প্যানিশ কোচ বলেন, ফিফা র‍্যাঙ্কিংয়ের সেরা চার দল যে একে অপরের মুখোমুখি হচ্ছে, তাতেই বোঝা যায় এই বিশ্বকাপে কতটা ফুটবল সম্ভাবনা রয়েছে।

ফাইনাল নিয়ে ভাবনার আগে নিজের দলের পারফরম্যান্সের প্রশংসাও করেন দে লা ফুয়েন্তে। তিনি বলেন, বিশ্বের অন্যতম সেরা একটি দলের বিপক্ষে আজ তার শিষ্যরা খেলেছে এবং তাদের সামনে ছিল বিশ্বের সেরা দল। স্প্যানিশ ফুটবলাররাই বিশ্বের সেরা দাবি করে তিনি আরও বলেন, আক্রমণ ও রক্ষণ—উভয় ক্ষেত্রেই নিজেদের সামলে নেওয়ার অসাধারণ দক্ষতা তাদের রয়েছে। এটি কোচ, দল এবং ক্লাবগুলোর সম্মিলিত বড় অর্জন, যার মূল্য বুঝতে হবে বলে মন্তব্য করেন তিনি।

শেয়ার করুন