মাদক ও জুয়ার মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার পাশাপাশি একটি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, সমাজের অন্যায়কারীরা যত শক্তিশালীই হোক না কেন, সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হলে তাদের পরাজিত করা সম্ভব।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে কৃষক, প্রতিবন্ধী, দরিদ্র মেধাবী শিক্ষার্থী, অসহায় নারী এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সরকারি সহায়তা ও প্রণোদনা বিতরণ করা হয়।
মাদক কারবারি ও সেবনকারীদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশ ও প্রশাসনকে সহায়তা করার জন্য উপস্থিত জনগণের প্রতি আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, একইভাবে অনলাইন ও অফলাইনে জুয়ার সাথে জড়িতদের বিরুদ্ধেও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। কোনো গ্রাম, ইউনিয়ন বা ওয়ার্ডে যেন মাদক ও জুয়ার আসর বসতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
মন্ত্রী আরও বলেন, ভালো মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই সমাজ থেকে সব ধরনের অন্যায় দূর করা সম্ভব। একটি মানবিক ও সুন্দর বাংলাদেশ গড়তে সবাইকে একসাথে কাজ করতে হবে। সমাজের কল্যাণে সবাই ঐক্যবদ্ধ হলে ভালো কাজের জয় সুনিশ্চিত। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।





