গাজায় ইসরাইলি ড্রোন ও বিমান হামলায় নতুন করে ৬ জন নিহত

প্রকাশ:

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর চলমান হামলায় নতুন করে অন্তত ছয়জন নিহত হয়েছেন। গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরাইলি ড্রোন হামলায় দুজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়া উপত্যকার অন্যান্য এলাকায় চালানো হামলায় আরও চারজন প্রাণ হারিয়েছেন।

আল জাজিরার সংবাদদাতা জানিয়েছেন, ড্রোন হামলার শিকার হওয়া রাস্তাটি গাজা সিটির অন্যতম ব্যস্ত এলাকা। প্রচুর দোকানপাট ও সুপারমার্কেট সম্বলিত এই এলাকাটিতে বাস্তুচ্যুত বহু ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বৃহস্পতিবারের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় উপত্যকায় অন্তত আটজন নিহত এবং ১৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে হতাহতের ঘটনার বিশদ বিবরণ সম্পর্কে মন্ত্রণালয় থেকে বাড়তি কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, ২০২৫ সালের ১০ অক্টোবর ইসরাইল ও হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। আল জাজিরার প্রতিবেদনের তথ্যমতে, চুক্তি কার্যকর থাকার পরও ইসরাইলি সেনাবাহিনী তা ধারাবাহিকভাবে লঙ্ঘন করে আসছে এবং এ পর্যন্ত ৩ হাজারেরও বেশিবার এই চুক্তির শর্ত ভঙ্গ করা হয়েছে।

শেয়ার করুন