সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বহুতি বটতলায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সিএনজি অটোরিকশার ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। শুক্রবার ভোর ৫টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এ সময় সিএনজির এক যাত্রী আহত হয়েছেন, যাকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন কামারখন্দ উপজেলার কুঠিরচর গ্রামের আলী আকতার ফকিরের ছেলে সিএনজি চালক আশিক (৩৫) এবং রায়গঞ্জ উপজেলার কালিঞ্জা গ্রামের গুতু রাজবংশির ছেলে ঠাকুর হালদার (৭০)।
স্থানীয় ও নিহতের স্বজনদের তথ্যানুযায়ী, ঠাকুর হালদার ও তার ছেলে বিষ্ণ হালদার ভোরে মাছ ধরার জন্য জাল নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন। তারা কামারখন্দ উপজেলার বাজার ভদ্রঘাট থেকে একটি সিএনজিযোগে সিরাজগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে শিয়ালকোল ইউনিয়নের বহুতি বটতলা এলাকায় দ্রুত গতির সিএনজিটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক আশিক ও যাত্রী ঠাকুর হালদার মারা যান। আহত বিষ্ণ হালদারকে স্থানীয়রা উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
নিহত সিএনজি চালক আশিকের ভাতিজা ইসমাইল হোসেন জানান, ভোরে আশিক সিএনজি নিয়ে বের হন। সকাল ৬টার দিকে তিনি দুর্ঘটনার খবর পান এবং ঘটনাস্থলে এসে তার চাচার মৃত্যু নিশ্চিত হন। সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক শফিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্বজনরা লাশ নিয়ে বাড়ি চলে যান।
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ০৮: ৪৮আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ০৮: ৪৯





