শুভ্র দেবের ‘এ মন আমার পাথর তো নয়’ গানের আড়াই কোটি ভিউ

প্রকাশ:

নব্বইয়ের দশকের জনপ্রিয় সংগীতশিল্পী শুভ্র দেবের কণ্ঠে গাওয়া ‘এ মন আমার পাথর তো নয়’ গানটি আজও শ্রোতাদের কাছে সমান জনপ্রিয়। গানটি লিখেছিলেন আহমেদ রিজভী এবং এর সুর ও সংগীত পরিচালনা করেছিলেন প্রণব ঘোষ। ক্যাসেটের যুগে প্রকাশিত হওয়ার পরপরই এটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। শুভ্র দেব জানান, গানটি প্রকাশের প্রথম ২২ দিনে প্রায় ৯৪ হাজার কপি ক্যাসেট বিক্রি হয়েছিল।

সময়ের চাহিদা মেটাতে ২০২০ সালের ৯ জুন শুভ্র দেব তার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘শুভ্র দেব অফিশিয়াল’-এ গানটি প্রকাশ করেন। প্রকাশের পর থেকে আজ পর্যন্ত কোনো প্রকার বুস্টআপ ছাড়াই গানটি আড়াই কোটিরও বেশি দর্শক উপভোগ করেছেন। এই অর্জন প্রসঙ্গে শিল্পী বলেন, স্যাড সং, ভালো কথা ও সুরের গান যে এখনো মানুষের হৃদয়ের গভীরে বেঁচে আছে, এটিই আশার কথা।

গানটির সফলতায় নেপথ্যে থাকা শিল্পীদের কথা স্মরণ করে শুভ্র দেব জানান, এতে কীবোর্ড বাজিয়েছেন মান্নান আহমেদ, লিড গিটারে ছিলেন সেলিম হায়দার, বেস গিটারে ফরিদ এবং রিদম প্রোগ্রামিংয়ে ছিলেন পুলক। সাউন্ড ইঞ্জিনিয়ারিংয়ের দায়িত্বে ছিলেন আজম বাবু। এছাড়া সাউ-টেকের বাবুল ভাইয়ের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন শিল্পী।

জনপ্রিয় এই গানটি মুম্বাইয়ের সুপারস্টার মিঠুন চক্রবর্তীকে মুগ্ধ করেছিল। পরবর্তীতে মিঠুন চক্রবর্তীর ‘ভাগ্য দেবতা’ সিনেমার টাইটেল গান হিসেবে এটি ব্যবহৃত হয়, যেখানে গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় শুভ্র দেব পুনরায় কণ্ঠ দেন। ওই সিনেমায় শুভ্র দেব ছাড়াও অলকা ইয়াগনিক, উদিত নারায়ণ ও অভিজিৎ গান গেয়েছিলেন। শিল্পী বলেন, রিকশাচালক থেকে শুরু করে ডাক্তার—সব পেশার মানুষের কাছেই এই গানটি সমানভাবে পরিচিত।

শেয়ার করুন