আজাদ কাশ্মীর ভারতের দখলে নেওয়ার দাবি শুভেন্দুর

প্রকাশ:

পাকিস্তানের নিয়ন্ত্রণাধীন আজাদ কাশ্মীর (পিওকে) ভারতের দখলে নেওয়ার কথা বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার (২৮ আগস্ট) কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। শনিবার (২৯ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চলমান ‘হুমকির সংস্কৃতি’ বন্ধ করার আহ্বান জানিয়ে শুভেন্দু ক্যাম্পাসের ভেতরে ও বাইরে জাতীয়তাবাদ পুনরুজ্জীবিত করার অঙ্গীকার করেন। সম্প্রতি বিশ্ববিদ্যালয়টিতে বিজেপিপন্থি ছাত্র সংগঠন এবিভিপি ও বামপন্থি ছাত্র সংগঠন এসএফআইয়ের মধ্যে সংঘর্ষের ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি সেখানে উপস্থিত হন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, কাশ্মীর বা ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে স্লোগান দেওয়ার আগে শিক্ষার্থীদের পাকিস্তানের নিয়ন্ত্রণাধীন আজাদ কাশ্মীরের স্বাধীনতার দাবি করা উচিত। তিনি আরও বলেন, ‘কাশ্মীর মাঙ্গে আজাদি’ বা ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেওয়ার বদলে ফিলিস্তিন নিয়ে কথা বলার আগে ‘ফ্রি পিওকে’ লিখুন। শুভেন্দু দৃঢ়তার সাথে বলেন, আমরা অবশ্যই ওই কাশ্মীর ফেরত নেব।

তিনি অভিযোগ করেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে এক ধরণের ‘হুমকির সংস্কৃতি’ বিরাজ করছে এবং এখন তা অবসান ঘটানোর সময় এসেছে। তৃণমূল ও বাম সরকারের সমালোচনা করে তিনি দাবি করেন, বিশ্ববিদ্যালয়টি দীর্ঘদিন ধরে কমিউনিস্টদের প্রভাবে ছিল। এতে শিক্ষার্থীরা দেশের সাংস্কৃতিক ঐতিহ্য, স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস এবং ভারতীয় ও বাঙালি ঐতিহ্য থেকে দূরে সরে গেছে বলে তিনি মন্তব্য করেন। এ সময় তিনি রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রসঙ্গ টেনে অভিযোগ করেন যে, এসব মহান ব্যক্তিত্বের ছবি সংশ্লিষ্টদের বাড়িতে খুঁজে পাওয়া যাবে না।

শেয়ার করুন