শোলাকিয়া ঈদগাহের ২০০ বছর পূর্তিতে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প

প্রকাশ:

ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানের ২০০ বছর পূর্তি উপলক্ষে মাঠটির সার্বিক উন্নয়ন ও আধুনিকায়নে ১৭ কোটি টাকার একটি সমন্বিত প্রকল্প গ্রহণ করেছে সরকার। ১৬ আগস্ট সন্ধ্যায় কিশোরগঞ্জের এই ঐতিহাসিক ঈদগাহ ময়দানে সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এ তথ্য জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, প্রতি ঈদে লাখ লাখ মানুষ এখানে নামাজ আদায় করতে আসেন। আসন্ন ২০০তম জামাতকে ঘিরে মাঠটির সার্বিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে এই বিশেষ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্পটির আওতায় ইতোমধ্যে সরকারি তহবিল থেকে ৬ কোটি টাকা জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়েছে এবং খুব শিগগিরই দৃশ্যমান উন্নয়ন কাজ সম্পন্ন হবে বলে তিনি আশ্বস্ত করেন।

প্রকল্পের বিস্তারিত তুলে ধরে তিনি জানান, মাঠের সীমানা প্রাচীর ও দৃষ্টিনন্দন প্রবেশদ্বার নির্মাণের পাশাপাশি ওজুখানার আধুনিক সুব্যবস্থা এবং সংলগ্ন পুকুরের সৌন্দর্যবর্ধন করা হবে। এছাড়া মাঠটিকে চলাচলের উপযোগী করে গড়ে তোলার ফলে স্থানীয়দের খেলাধুলা এবং সাধারণ মানুষের সকাল-সন্ধ্যা হাঁটার সুযোগ তৈরি হবে।

পরিবেশ রক্ষায় বিশেষ গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী জানান, শোলাকিয়া মাঠকে ছায়ানিবিড় ও পরিবেশবান্ধব করতে এখানে প্রচুর নিম গাছ রোপণ করা হবে। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে বলেন, ওমরাহ পালনের সময় সৌদি আরবের আরাফাত ময়দানে রোপণ করা জিয়াউর রহমানের সেই নিম গাছগুলো আজ বিশাল বৃক্ষরাজিতে পরিণত হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জ জেলা ছাত্রদল আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি নিজেও চারা রোপণ করেন।

উন্নয়ন কাজের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী উপস্থিত জনতাকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। এ সময় স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনুষ্ঠান শেষে সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শেয়ার করুন