১৭ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

গাঁজাসহ আটক খুবির তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

প্রকাশ:

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) গাঁজাসহ আটক গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সাথে প্রত্যেক শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে জরিমানা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন ওই ডিসিপ্লিনের দ্বিতীয় বর্ষের কাজী রিয়াজুস ছলেহীন, তৌফিক আলম ও মুশফিক উল ইসলাম। গত বুধবার বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক মো. সালাউদ্দিনের জারি করা বিজ্ঞপ্তিতে এই শাস্তিমূলক ব্যবস্থার তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয় সূত্র অনুযায়ী, গত বুধবার সন্ধ্যায় ছাত্রবিষয়ক পরিচালক দপ্তরের নিয়মিত টহলের সময় ৪ নম্বর একাডেমিক ভবনে ওই তিন শিক্ষার্থীকে আটক করা হয়। পরবর্তীতে তাদের তল্লাশি করে গাঁজা পাওয়া যায় বলে ছাত্রবিষয়ক পরিচালক দপ্তরের সদস্যরা দাবি করেন। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের দায়ে শৃঙ্খলা অধ্যাদেশের ৬(খ) ও ২৪ ধারা মোতাবেক তাদের বিরুদ্ধে এই সাময়িক বহিষ্কার ও জরিমানার ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ ঘটনায় সহকারী ছাত্রবিষয়ক পরিচালক এহসান মজিদ মোস্তফাকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক মো. সালাউদ্দিন জানান, নিয়মিত টহলের সময় তিন শিক্ষার্থীকে মাদকদ্রব্যসহ আটক করা হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি নিয়ম অনুযায়ী পরবর্তী চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।

শেয়ার করুন