রাজধানীর সবুজবাগের বাসাবো বৌদ্ধ মন্দির অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে ‘এ+ সংবর্ধনা ২০২৬’। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা মহানগর পূর্বের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও উৎসাহ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। প্রধান আলোচক ছিলেন ডাকসুর ভিপি ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাদিক কায়েম। এছাড়া ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম এবং কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ঢাকা মহানগর পূর্ব ছাত্রশিবিরের সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ইমদাদুল হক মিয়াজির সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম সাদ্দাম শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি দক্ষ ও গুণগত মানসম্পন্ন মানবসম্পদ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। তিনি বলেন, নিজেদের ক্যারিয়ারকে আগামী দিনে জাতির কল্যাণে কাজে লাগাতে হবে। কেবল মেধাবী হওয়াই যথেষ্ট নয়, বরং ব্যক্তিজীবনে সৎ হতে হবে। দেশপ্রেম ধারণ করে ইনসাফের বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদের ভূমিকা রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
জুলাই সনদের বাস্তবায়ন প্রসঙ্গে নূরুল ইসলাম সাদ্দাম বলেন, জনতার গণভোটের রায়কে সম্মান জানিয়ে জুলাই সনদ পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে। একই সাথে তিনি গুমসংক্রান্ত নীতিমালা বাতিল ও গুমের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অনুষ্ঠানে ঢাকা মহানগর পূর্ব ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অভিভাবক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতার সমন্বয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
রোববার সকাল ১০টায় রাজধানীর সবুজবাগের বাসাবো বৌদ্ধ মন্দির অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।





