দেশে ফিরলে গ্রেপ্তার হবেন শেখ হাসিনা, জানালেন আইনমন্ত্রী

প্রকাশ:

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সচিবালয়ে আইনগত সহায়তা নিয়ে ব্র্যাক ও ব্লাস্টের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে সরকারের পদক্ষেপ নিয়ে করা এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার ফেরার বিষয়ে কোনো চেষ্টা চালাচ্ছে কি না, তা না জেনে মন্তব্য করা ঠিক নয়। তবে তিনি আরও যোগ করেন, দণ্ডপ্রাপ্ত আসামি হলেও তিনি যদি বাংলাদেশের নাগরিক হন এবং আইনের প্রতি শ্রদ্ধা রেখে দেশে এসে আত্মসমর্পণ করতে চান, তবে আইনের দিক থেকে তার সেই অধিকার রয়েছে। তবে দেশে ফেরার আগেই তাকে গ্রেপ্তার করা হতে পারে বলে তিনি উল্লেখ করেন।

আইনমন্ত্রী স্পষ্ট করে বলেন, আইন তার নিজস্ব গতিতে চলবে এবং আইনের ব্যত্যয় ঘটিয়ে সরকার কিছু করবে না। তিনি বলেন, রাষ্ট্রীয় আইন আমাদের যে এখতিয়ার দিয়েছে, আমরা ঠিক সেই অনুযায়ী ব্যবস্থা নেব। পাসপোর্ট ছাড়া তিনি কীভাবে দেশে আসবেন, সেটি তার নিজস্ব সমস্যা। তবে একবার আমাদের সীমানায় প্রবেশ করলে আইন অনুযায়ী আমাদের ক্ষমতা আমরা প্রয়োগ করব।

এ সময় রাষ্ট্রপতি নির্বাচন ও জাতীয় সংসদের পরবর্তী অধিবেশন সংক্রান্ত অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগের ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। এছাড়া দুই অধিবেশনের মধ্যকার বিরতি ৬০ দিনের মধ্যে হওয়ায় সময়ের সঙ্গে তা মিলে যাচ্ছে। তাই আপাতত কোনো বিশেষ অধিবেশন ডাকার প্রয়োজন দেখছেন না তিনি, তবে সরকার প্রয়োজন মনে করলে তা করতেই পারে।

শেয়ার করুন