লোহিত সাগর, বাব আল-মান্দেব প্রণালি এবং এডেন উপসাগরের বাণিজ্যিক ও জ্বালানি পরিবহন নিরাপদ রাখার লক্ষ্যে একটি নতুন বহুমুখী প্রতিরক্ষা জোট গঠনের ঘোষণা দিয়েছে সৌদি আরব। ‘মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স’ নামের এই জোটে বাংলাদেশসহ মোট ১৪টি দেশ আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেছে। আল জাজিরার বরাতে জানা গেছে, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা এবং মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষিতে আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেয়া হয়েছে।
সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, বিশ্ব বাণিজ্য ও জ্বালানি সরবরাহের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথগুলো সুরক্ষিত রাখাই জোটের প্রধান লক্ষ্য। জোট গঠনের লক্ষ্যে ৫১টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছিল, যার মধ্যে ৪৩টি দেশের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন। শেষ পর্যন্ত বাংলাদেশ ছাড়াও তুরস্ক, কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, মিশর, পাকিস্তান, জিবুতি, সোমালিয়া, ইয়েমেন, সুদান ও কমোরোস এই জোটে যোগ দিয়েছে। তবে ওমান ও সংযুক্ত আরব আমিরাত এই চুক্তিতে স্বাক্ষর করেনি।
এই জোটের প্রধান কার্যালয় সৌদি আরবে স্থাপন করা হবে। জোটভুক্ত দেশগুলো গোয়েন্দা তথ্য আদান-প্রদান, কৌশলগত পরিকল্পনা ও যৌথ নৌ মহড়া পরিচালনার মাধ্যমে কাজ করবে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় স্পষ্ট করেছে যে, এই জোটটি আত্মরক্ষামূলক এবং নির্দিষ্ট কোনো দেশকে লক্ষ্য করে এটি গঠিত হয়নি। এছাড়া অন্যান্য দেশের জন্যও জোটে যোগ দেয়ার পথ খোলা রাখা হয়েছে এবং কিছু দেশ অভ্যন্তরীণ আলোচনার পর এতে যুক্ত হবে বলে জানিয়েছে।
মধ্যপ্রাচ্য সংকটের কারণে হরমুজ প্রণালি প্রায় অকার্যকর হয়ে পড়ায় বিশ্ব বাজারের অর্ধেকের বেশি তেল ও গ্যাস সরবরাহ এখন লোহিত সাগরের এই রুটের ওপর নির্ভরশীল। বাব আল-মান্দেব প্রণালি দিয়ে বিশ্ব বাণিজ্যের প্রায় ১০ থেকে ১২ শতাংশ পণ্য এবং প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল পরিবাহিত হয়। এই সংকটাপন্ন এলাকায় হুথিদের হামলা বন্ধ এবং জ্বালানি পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে এই ১৪ দলীয় জোট অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।





