১৭ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন নির্ভরতা কমাতে প্যারিসে ম্যাক্রন-এমবিএস বৈঠক

প্রকাশ:

ফ্রান্সে রাষ্ট্রীয় সফরে রয়েছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান (এমবিএস)। দুই দিনের এই সফরে তাকে স্বাগত জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। সফরের শুরুতেই রবিবার সন্ধ্যায় প্যারিসে আয়োজিত ইস্পোর্টস বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে অংশ নেন যুবরাজ। সৌদি আরবের বাইরে এই প্রথম ভিডিও গেম ও দাবাভিত্তিক আন্তর্জাতিক এই প্রতিযোগিতার আসর অনুষ্ঠিত হলো।

সোমবার দুই শীর্ষ নেতার মধ্যে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক ও বিজনেস ফোরাম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ সময় হরমুজ প্রণালির বর্তমান অচলাবস্থা এড়িয়ে বিকল্প পাইপলাইন স্থাপন, নতুন জ্বালানি রুট তৈরি এবং বন্দর নেটওয়ার্ক সম্প্রসারণের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি গাজা উপত্যকা, লেবানন ও সিরিয়ার সংঘাতসহ গত ছয় মাস ধরে চলমান যুক্তরাষ্ট্র-ইসরাইল বনাম ইরান যুদ্ধ পরিস্থিতি নিরসনেও দুই নেতা আলোচনা করবেন। এছাড়া স্বাস্থ্য, পরিবহন ও জ্বালানি খাতে দুই দেশের মধ্যে একাধিক দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সম্প্রতি তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে ঐতিহাসিক ত্রিপক্ষীয় যৌথ প্রতিরক্ষা চুক্তি বা মক্কা চুক্তি সই করেছে সৌদি আরব। ওই চুক্তির পর ক্রাউন প্রিন্স সালমানের এটিই প্রথম বিদেশ সফর। মূলত ওয়াশিংটনের ওপর একক নিরাপত্তা নির্ভরতা কমিয়ে ইউরোপসহ অন্যান্য বৈশ্বিক শক্তির সঙ্গে অর্থনৈতিক ও প্রতিরক্ষা অংশীদারিত্ব বাড়ানোর লক্ষ্যেই রিয়াদ প্যারিসের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করতে চাইছে। এছাড়া ২০৩০ সালের ওয়ার্ল্ড এক্সপো এবং ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতির বিষয়টিও ফরাসি নেতৃত্বের সঙ্গে আলোচনায় প্রাধান্য পাবে।

শেয়ার করুন