জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, এনসিপি জনগণের সাথে সম্পৃক্ততা ও সাংগঠনিক কার্যক্রম বাড়াতে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। সোমবার (২৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম নগরের একটি হোটেলে আয়োজিত এনসিপি চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাংগঠনিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, "আমরা আর আওয়ামী লীগের জাতীয় পার্টির মতো পোষা বিরোধীদল বাংলাদেশে দেখতে চাই না।"
সারজিস আলম জানান, সংগঠনের কার্যক্রমকে গতিশীল ও সুশৃঙ্খল করতে একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করা হচ্ছে। তিনি ছাত্র, যুব ও নারীসহ সমাজের সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে দলীয় কার্যক্রম পরিচালনা করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তৃণমূল কর্মীদের সাথে নিবিড় যোগাযোগ রক্ষা ও সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি।
চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির আহ্বায়ক মুহাম্মদ একরামুল হকের সভাপতিত্বে এবং সদস্যসচিব আবদুল করিম টিপু ও যুগ্ম আহ্বায়ক আলী নেওয়াজ ইমনের যৌথ সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদ, কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব রিফাত রশিদ ও সাগুফতা বুশরা মিশমা, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজা উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।





