পূর্ব ইউক্রেনের কৌশলগত শহর কোস্তিয়ানতিনিভকা দখলে নিল রাশিয়া

প্রকাশ:

পূর্ব ইউক্রেনের ডোনেৎস্ক অঞ্চলে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর কোস্তিয়ানতিনিভকার পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে রাশিয়ার সেনাবাহিনী। দীর্ঘ সময় ধরে শহরটি দখলের চেষ্টার পর অবশেষে নিজেদের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হলো রুশ বাহিনী। যুদ্ধের পঞ্চম বছরে এসে এই অর্জনের কথা রাশিয়ার সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিশ্চিত করেছেন।

একটি সামরিক কমান্ড পোস্টে শীর্ষ সেনা কর্মকর্তাদের কাছ থেকে যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে প্রতিবেদন গ্রহণের সময় পুতিন এই দখলকে রাশিয়ার জন্য একটি বড় কৌশলগত সাফল্য হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, ডনবাস অঞ্চলের এই শহরটি একটি গুরুত্বপূর্ণ পরিবহন ও শিল্পকেন্দ্র হওয়ায় সামরিক দিক থেকে এর গুরুত্ব অপরিসীম। গেরাসিমভের মতে, কোস্তিয়ানতিনিভকা এতদিন ইউক্রেনের অন্যতম প্রধান প্রতিরক্ষা ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছিল এবং এটি স্লোভিয়ানস্ক–ক্রামাতোরস্ক–কোস্তিয়ানতিনিভকা প্রতিরক্ষা লাইনের একটি অবিচ্ছেদ্য অংশ ছিল।

এই শহর দখলের পাশাপাশি পুতিন সীমান্ত এলাকায় নিরাপত্তা অঞ্চল আরও বিস্তৃত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি বলেন, ইউক্রেন সাম্প্রতিক সময়ে রাশিয়ার তেল শিল্পকে লক্ষ্য করে দূরপাল্লার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়ে দিয়েছে, যার পরিপ্রেক্ষিতে এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা জরুরি। তবে এখন পর্যন্ত রাশিয়ার এই দাবির বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ১০: ০৫আপডেট : ০৪ জুলাই ২০২৬, ১০: ১১

শেয়ার করুন