রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৬ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

প্রকাশ:

মাদকমুক্ত রূপগঞ্জ গড়ার লক্ষ্যে রবিবার (১৯ জুলাই) উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। মাদকদ্রব্য গ্রহণ ও সংরক্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত করে ছয় ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।

আদালতের রায়ে দণ্ডপ্রাপ্তদের মধ্যে মো. সোহেল (৩০) ও মো. হাসান (৩২) প্রত্যেকে ৬ মাসের, মো. সাদ্দাম (৩২) ৪ মাসের, মো. শাজাহান (২৮) ৩ মাসের এবং মো. জাহেদ মিয়া (২০) ও মো. মোস্তফা মিয়া (৪০) প্রত্যেকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে সোহেল চনপাড়া পুনর্বাসন কেন্দ্র, সাদ্দাম চানপাড়া পুনর্বাসন কেন্দ্র, জাহেদ মিয়া চারিতালুক (ভোলাব), মোস্তফা মিয়া আদলা (ভোলাব) এবং হাসান বানিয়াদি (মকিমনগর) এলাকার বাসিন্দা। এছাড়া শাজাহানের বাড়ি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার কালিপুর এলাকায়।

অভিযান শেষে ইউএনও মো. সাইফুল ইসলাম জানান, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য একটি বড় হুমকি। সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে রূপগঞ্জে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হচ্ছে। তিনি আরও বলেন, মাদক ব্যবসা, সেবন ও সংরক্ষণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে এবং মাদকমুক্ত রূপগঞ্জ গড়তে প্রশাসনের এই অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে। উপজেলা প্রশাসন জানিয়েছে, জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে।

শেয়ার করুন