ক্ষমতা গ্রহণের ৬ মাসে ৬২ হাজার মানুষ চাকরি হারিয়েছেন: রুমিন ফারহানা

প্রকাশ:

বর্তমান সরকার ক্ষমতায় আসার ছয় মাসের মধ্যে ৬২ হাজার মানুষ চাকরি হারিয়েছেন বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। বৃহস্পতিবার জাতীয় সংসদে ৭১ বিধিতে দেওয়া বক্তব্যে তিনি এই তথ্য তুলে ধরেন।

রুমিন ফারহানা বলেন, সরকার নির্বাচনে ক্ষমতায় আসার আগে এক কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টি করার প্রতিশ্রুতি দিয়েছিল। অথচ ক্ষমতায় আসার ছয় মাসের মধ্যেই ৬২ হাজার মানুষ চাকরি হারিয়েছেন এবং নয় শয়ের বেশি কলকারখানা বন্ধ হয়ে গেছে। যারা বর্তমানে কর্মরত আছেন, তাদের চাকরির নিশ্চয়তা নিয়েও তিনি সংশয় প্রকাশ করেন।

জ্বালানি সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, একদিকে তেলের দাম বাড়ছে, অন্যদিকে বিদ্যুৎ ও গ্যাসের জন্য হাহাকার চলছে। মানুষ গ্যাস ও বিদ্যুতের বর্তমান পরিস্থিতি নিয়ে নানা মন্তব্য করছেন।

সরকারের ১৮০ দিনের অগ্রাধিকারমূলক কাজের মধ্যে আইন-শৃঙ্খলার উন্নয়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জ্বালানি খাতের নিশ্চয়তা অন্যতম ছিল বলে তিনি উল্লেখ করেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী হয়তো বিষয়টি এড়িয়ে যেতে ব্যঙ্গ বা বাক চাতুর্যের আশ্রয় নেন। কিন্তু সাধারণ মানুষের সাথে কথা বললে ভিন্ন চিত্র পাওয়া যায়। তিনি টিপ্পনী কেটে বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ে যেমন তিনজন মন্ত্রী আছেন, তেমনি ৬৪ জেলায় ৬৪ জন স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে হয়তো আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হতো।

দ্রব্যমূল্য নিয়ে রুমিন ফারহানা বলেন, বাজারে এখন ৮০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যায় না। ডিমের দাম কয়েক দফা বেড়েছে। মিনিকেট চালের দাম দ্বিগুণ হয়ে গেছে এবং সাধারণ মানুষকে টিসিবির লাইনে দাঁড়াতে হচ্ছে।

শেয়ার করুন