দীর্ঘদিন দেশের বাইরে অবস্থান শেষে সম্প্রতি দেশে ফিরেছেন ছোট পর্দার বরেণ্য ও জনপ্রিয় শিল্পী দম্পতি ফখরুল বাশার মাসুম ও মিলি বাশার। নাটকে বাবা-মায়ের চরিত্রে দারুণ সাবলীল ও প্রশংসিত এই দুই অভিনয়শিল্পী দেশে ফিরেই তাদের শিডিউল দেওয়া কাজে ব্যস্ত হয়ে উঠেছেন। এরই মধ্যে তারা দুজন একসঙ্গে জনপ্রিয় নির্মাতা সাগর জাহানের নির্দেশনায় নির্মিত একক নাটক ‘রুমালে গাঁথা ভালোবাসা’র শুটিং সম্পন্ন করেছেন।
কামরুল আহসানের রচনায় নির্মিত এই বিশেষ নাটকে ফখরুল বাশার মাসুম ও মিলি বাশার ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন টুটিয়া ইয়াসমিন পাপিয়া, ইরফান সাজ্জাদ ও পারসা ইভানা। সাধারণত নির্মাতা সাগর জাহান নিজের লেখা চিত্রনাট্যেই নাটক পরিচালনা করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তবে এই নাটকের ক্ষেত্রে ব্যতিক্রম ঘটেছে। লেখক কামরুল আহসানের চমৎকার গল্পভাবনা মনে ধরার কারণেই সাগর জাহান নাটকটি পরিচালনায় আগ্রহী হন।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে ফখরুল বাশার মাসুম বলেন, দেশে ফিরেই টানা কাজে ব্যস্ত হয়ে পড়েছি। এরই মধ্যে সাগর জাহানের পরিচালনায় ‘রুমালে গাঁথা ভালোবাসা’ নাটকটির কাজ শেষ করলাম। এটি অত্যন্ত সুন্দর ও মার্জিত গল্পের একটি নাটক। সাধারণত সাগর তো নিজের লেখা গল্প নিয়েই নাটক নির্মাণ করে। তবে কামরুল আহসানের রচিত এই নাটকের গল্পটি নিশ্চয়ই তার খুব ভালো লেগেছে বলেই তিনি এটি নিয়ে কাজ করেছেন। আমরা শিল্পীরাও যথেষ্ট মন দিয়ে কাজটি সম্পন্ন করেছি। নাটকে আমি পারসা ইভানার বাবার চরিত্রে অভিনয় করেছি। সব মিলিয়ে কাজটা বেশ ভালো হয়েছে; আশা করছি প্রচারে এলে নাটকটি দর্শকের খুব ভালো লাগবে।
কাজের অনুভূতি জানিয়ে মিলি বাশার বলেন, টানা ৫০ দিন কানাডায় স্বজনদের সঙ্গে ঘুরে বেড়ানো শেষে কিছুদিন আগেই দেশে ফিরলাম। আর দেশে ফিরেই আবার পছন্দের অভিনয় আঙিনায় ব্যস্ত হয়ে গেলাম। সাগর জাহানের এই নাটকের কাজটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমি, মাসুম, ইরফান ও পারসাসহ দলের সবাই বেশ আন্তরিকতার সঙ্গে কাজ করেছি। এখন আমরা নাটকটি সম্প্রচারের অপেক্ষায় রয়েছি।
প্রযোজনা সূত্রে জানা গেছে, সমস্ত কাজ শেষ করে খুব শীঘ্রই নাটকটি একটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ও অনলাইন প্ল্যাটফর্মে প্রচারিত হবে।
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ১৫: ০৭আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ১৫: ১৯





