রুয়েটে সিরাত মাহফিল ও নাতে রাসুল প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশ:

পবিত্র সিরাতের শিক্ষা এবং ইসলামী সংস্কৃতির নান্দনিকতা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) অনুষ্ঠিত হলো ‘সিরাত মাহফিল ও নাতে রাসুল (সা.)’ শীর্ষক আলোচনা সভা। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় রুয়েট ক্যাফেটেরিয়ায় রেনেসাঁ কালচারাল গ্রুপ-রুয়েটের আয়োজনে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও নাতে রাসুল (সা.) পরিবেশন করা হয়। এতে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামিক বক্তা অধ্যক্ষ মোশতাক ফয়েজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের সিরামিক অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের লেকচারার রিদওয়ানুল হক। এছাড়া রেনেসাঁ কালচারাল গ্রুপের সাবেক সভাপতি তানজিমুল ইসলাম ও সাবেক সেক্রেটারি এস এ ফারুক সিয়ামসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এই আয়োজনে অংশ নেন।

অনুষ্ঠানে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও শিক্ষার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ইসলামী সাংস্কৃতিক পর্বের অংশ হিসেবে নাতে রাসুল পরিবেশন করেন রেনেসাঁ কালচারাল গ্রুপের সদস্যরা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আগত একদল শিক্ষার্থী।

আয়োজনের অংশ হিসেবে রুয়েট শিক্ষার্থীদের নিয়ে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শের ওপর ভিত্তি করে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার ‘ক’ বিভাগে বিজয়ী হয়েছেন ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাফিস রেদওয়ান এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রফিকুল ইসলাম। ‘খ’ বিভাগে বিজয়ী হয়েছেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাফহিমুল ইসলাম এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শামীম।

অনুষ্ঠানের শেষভাগে ছিল প্রশ্নোত্তর পর্ব, যেখানে শিক্ষার্থীরা বিভিন্ন প্রশ্ন করেন। বক্তা শিক্ষার্থীদের প্রশ্নের জবাব দেয়ার পাশাপাশি সিরাতের শিক্ষা ও মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন। আয়োজকদের মতে, তরুণ প্রজন্মের মাঝে মহানবী (সা.)-এর আদর্শের শিক্ষা পৌঁছে দেয়া এবং ইসলামী সংস্কৃতির চর্চাকে উৎসাহিত করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।

শেয়ার করুন