দলের জন্য রোনালদো কখনোই সমস্যা নন, নতুন কোচ জেসুসের ঘোষণা

প্রকাশ:

পর্তুগাল জাতীয় ফুটবল দলের নতুন কোচ হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন ৭১ বছর বয়সী অভিজ্ঞ কোচ হোর্হে জেসুস। শুক্রবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পাওয়ার পর সংবাদ সম্মেলনে জেসুস সাফ জানিয়ে দিয়েছেন, রোনালদো কখনোই জাতীয় দলের জন্য সমস্যা হতে পারেন না। বরং তিনি পর্তুগিজ ফুটবলের প্রতীক ও ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ।

জেসুস জানান, রোনালদো যদি খেলার মতো ফিট থাকেন এবং জাতীয় দলের হয়ে খেলার জন্য নিজেকে প্রস্তুত রাখেন, তবে তিনি তাকে দলে নিতে আগ্রহী। কোচ বলেন, যতদিন রোনালদো খেলবেন এবং দলে বাছাইয়ের উপযোগী অবস্থায় থাকবেন, ততদিন তিনি তাকে দলে রাখবেন। তবে জাতীয় দলের স্বার্থে কোচ যে সীমা ও শর্ত নির্ধারণ করবেন, তার মধ্যেই তাকে থাকতে হবে।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত গত বিশ্বকাপে রোনালদোর পারফরম্যান্স নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল। রবার্তো মার্তিনেজের অধীনে পর্তুগাল শেষ ষোলোতে স্পেনের কাছে হেরে বিদায় নেয়। টুর্নামেন্টে পাঁচ ম্যাচে তিন গোল করলেও, স্পেনের বিপক্ষে ম্যাচে রোনালদো নিজের ছায়া হয়ে ছিলেন। ৪১ বছর বয়সী এই তারকা পরে জানিয়েছিলেন, এটিই ছিল তার শেষ বিশ্বকাপ। তবে জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাবেন কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেননি তিনি।

জেসুস জানিয়েছেন, রোনালদোর ভবিষ্যৎ নিয়ে এখনো তার সাথে কোনো কথা হয়নি, তবে খুব শীঘ্রই তারা এ নিয়ে আলোচনা করবেন। তাদের সম্পর্ক দীর্ঘদিনের; গত মৌসুমে সৌদি আরবের ক্লাব আল-নাসরে জেসুসের অধীনে রোনালদো দারুণ ছন্দে ছিলেন। সেই মৌসুমে আল-নাসরের জার্সিতে ৩৩ ম্যাচ খেলে ২৯ গোল করেছিলেন রোনালদো এবং তার অধীনেই ক্লাবটি লিগ শিরোপা জিতেছিল। জেসুসের ভাষ্যমতে, রোনালদো তাকে জানিয়েছিলেন যে তিনি আল-নাসরেই নিজের ক্যারিয়ার শেষ করতে চান।

উল্লেখ্য, পর্তুগাল ফুটবল ফেডারেশনের সাথে জেসুস ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছেন। পর্তুগাল, স্পেন ও মরক্কোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া সেই বিশ্বকাপের জন্য তিনি দল সাজাচ্ছেন।

শেয়ার করুন