ভূমিকম্পে পা হারানো খুদে ভক্তের স্বপ্ন পূরণ করলেন রোনালদো

প্রকাশ:

ভেনেজুয়েলার ১০ বছর বয়সী শিশু আন্দ্রেস মিয়েলেস বর্তমানে জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছে। ভয়াবহ দুটি ভূমিকম্পে সে কেবল তার পরিবারের সদস্যদেরই হারায়নি, বরং হারিয়েছে নিজের একটি পা। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন থাকা এই ছোট্ট ফুটবলপ্রেমীর একটি বিশেষ ইচ্ছা ছিল—প্রিয় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর একটি স্টিকার সংগ্রহ করে তা বিশ্বকাপের অ্যালবামে রাখা।

শিশুটির এই আকাঙ্ক্ষার কথা জানতে পেরে রোনালদো তার ভক্তের ইচ্ছা অপূর্ণ রাখেননি। তিনি আন্দ্রেসের জন্য একটি বিশেষ ভিডিও বার্তা, নিজের স্বাক্ষর করা জার্সি এবং কাঙ্ক্ষিত সেই স্টিকার পাঠিয়ে দিয়েছেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিশ্চিত করেছেন সাংবাদিক গ্যাবি আরোচা।

ভিডিও বার্তায় রোনালদো আন্দ্রেসকে উদ্দেশ্য করে বলেন, ‘হ্যালো আন্দ্রেস, তুমি কেমন আছো? তোমাকে ভালোবাসা জানানোর জন্যই এই ভিডিওটি করেছি। আমি জানি তুমি আমার অনেক বড় একজন ভক্ত। দ্রুত সুস্থ হয়ে ওঠো। আমি চাই তুমি আমার একটি ম্যাচ দেখতে আসো, যেখানে আমরা একসঙ্গে সময় কাটাতে পারব। তোমার সঙ্গে দেখা হওয়ার অপেক্ষায় রইলাম। সাহস হারিও না বন্ধু।’

অসহায় ভক্তের মুখে হাসি ফোটাতে রোনালদোর এই উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসিত হচ্ছে। এর আগেও বহুবার অসহায় ও বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার নজির স্থাপন করেছেন এই পর্তুগিজ ফুটবল কিংবদন্তি।

শেয়ার করুন