গ্যাস–বিদ্যুৎ সংকট নিরসনে বিকল্প পরিকল্পনা দেওয়ার আহ্বান রিজভীর

প্রকাশ:

গ্যাস ও বিদ্যুৎ–সংকট নিরসনে কেবল রাজপথে আন্দোলনের হুমকি না দিয়ে জাতীয় সংসদে বিকল্প পরিকল্পনা ও পরামর্শ দেওয়ার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ এবং বিগত সরকারের ভুল পরিকল্পনার কারণে দেশে এই সংকট তৈরি হয়েছে। শুক্রবার বিকেলে ঢাকার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ‘আপনারা গ্যাস, বিদ্যুতের জন্য লংমার্চ করবেন, কর্মসূচি দেবেন— ঠিক আছে। কিন্তু আপনারা একটা অল্টারনেটিভ (বিকল্প উপায়) বলুন, আমরা গ্যাস ও বিদ্যুৎ কীভাবে সরবরাহ করব, কোথা থেকে পাব, কীভাবে পাব।’ বর্তমান সংকট মোকাবিলায় কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সে বিষয়ে বিরোধী দলের একটি পরিকল্পনা দেওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন। তার মতে, সংসদে বিরোধী দলের সদস্যদের কথা বলার সুযোগ রয়েছে। সরকারের সমালোচনা এবং সংসদের বাইরে কর্মসূচি পালন গণতন্ত্রের স্বাভাবিক চর্চা হলেও সংকট মোকাবিলায় পরামর্শ দেওয়াও প্রয়োজন।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরও বলেন, ‘একটা পরিকল্পিত অচলাবস্থা তৈরি করা আমার মনে হয় ঠিক হবে না; বরং কীভাবে এই সংকট নিবারণ করা যায়, সেই বিষয়ে পরিকল্পনা দিতে হবে।’ অতীতের পরিস্থিতির পুনরাবৃত্তি হলে দেশ আরও অন্ধকারের দিকে যাবে বলেও তিনি সতর্ক করেন। গ্যাস ও বিদ্যুৎ–সংকটের পেছনে বৈশ্বিক যুদ্ধ এবং জ্বালানি সরবরাহব্যবস্থার সংকট রয়েছে উল্লেখ করে রিজভী বলেন, হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহনে বাধা সৃষ্টি হওয়ায় জ্বালানি আমদানিতে সংকট দেখা দিয়েছে। এ সংকট সরকারের নিজস্ব কোনো কারণে হয়নি বলেও তিনি দাবি করেন।

অনুষ্ঠানে জুলাই আন্দোলনে গান ও নৃত্যের ভূমিকার কথাও তুলে ধরেন রিজভী। তিনি বলেন, আন্দোলনের সময় সাংস্কৃতিক পরিবেশনা আন্দোলনকারীদের মধ্যে উদ্দীপনা ও সাহস তৈরি করেছিল। বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি ফারহানা বেবীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, বিএনপির সংস্কৃতিবিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন উজ্জল, কবি রেজাউদ্দিন স্ট্যালিন ও অভিনেতা হেলাল খানসহ অনেকে।

এর আগে সকালে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার আয়োজিত আন্তবিভাগীয় অনূর্ধ্ব-১৬ বালিকা ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানেও রিজভী বক্তব্য রাখেন। তিনি বলেন, খেলাধুলাসহ প্রতিটি ক্ষেত্রে ছেলেমেয়েদের সমান অংশগ্রহণ নিশ্চিত না হলে দেশ ও সমাজ পিছিয়ে যাবে। তিনি আরও বলেন, পৃথিবীর প্রগতির সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে মেয়েদের এগিয়ে আসতে হবে। প্রতিটি মহানগর ও জেলায় এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করতে হবে এবং বাংলাদেশে একটি ক্রীড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার চেষ্টাও চলছে বলে তিনি জানান।

শেয়ার করুন