দীর্ঘ সাত বছর অপেক্ষার পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) পদ ফিরে পেয়েছেন মো. রাশেদ খাঁন। ২০১৯ সালের ডাকসু নির্বাচনে তিনি দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছিলেন। সোমবার (৩১ আগস্ট) অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সূত্রে জানা গেছে, ডাকসুর তৎকালীন জিএস ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর এমফিলের ছাত্রত্ব নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তদন্তে তার ছাত্রত্ব অবৈধ প্রমাণিত হওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে শোকজ নোটিশ প্রদান করে। নির্ধারিত সময়ের মধ্যে তিনি সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হওয়ায় একাডেমিক কাউন্সিলের সভায় তার ছাত্রত্ব বাতিল করা হয়। এই সিদ্ধান্তের ফলে তার ডাকসুর জিএস পদও বাতিল হয়ে যায়।
এর প্রেক্ষিতে, ২০১৯ সালের ডাকসু নির্বাচনে জিএস পদে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া মো. রাশেদ খাঁনকে ওই পদে বিজয়ী ঘোষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। সিদ্ধান্তের পর রাশেদ খাঁন তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ‘আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ’ লিখে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন।
উল্লেখ্য যে, ২০১৯ সালের ১১ মার্চ ৩৭তম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে জিএস পদে ১০ হাজার ৪৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন গোলাম রাব্বানী। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করা মো. রাশেদ খাঁন পেয়েছিলেন ৬ হাজার ৬৩ ভোট। তিনি জিএস পদে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পান। ওই নির্বাচনে ভিপি পদে ১১ হাজার ৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন নুরুল হক নুর।





