বিশ্ব সিনেমায় নতুন ইতিহাস গড়তে আসছে ব্যয়বহুল চলচ্চিত্র ‘রামায়ণ’

প্রকাশ:

দেবতা, দানব, রাক্ষস, যুদ্ধ এবং এক রাজপুত্রের দীর্ঘ যাত্রার হাজার বছরের পুরনো মহাকাব্য এবার আধুনিক প্রযুক্তির কল্যাণে বিশাল পর্দায় হাজির হচ্ছে। ভারতের অন্যতম ব্যয়বহুল চলচ্চিত্র প্রকল্প হিসেবে পরিচিত ‘রামায়ণ’ কি বিশ্ব সিনেমায় নতুন ইতিহাস তৈরি করতে পারবে, তা নিয়ে এখন চলছে ব্যাপক আলোচনা। গ্রিক কবি হোমারের ‘দ্য অডিসি’ নিয়ে ক্রিস্টোফার নোলানের সিনেমার মতো ভারতও তার অন্যতম প্রাচীন মহাকাব্যকে বড় পর্দায় তুলে ধরার প্রস্তুতি নিচ্ছে।

প্রযোজক নমিত মালহোত্রা জানান, এই চলচ্চিত্রটি দুই পর্বে মুক্তি পাবে। প্রথম পর্বটি আগামী নভেম্বরে হিন্দুদের দীপাবলি উৎসবকে সামনে রেখে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবিটির বাজেট অত্যন্ত বিশাল; প্রথম পর্বেই খরচ হচ্ছে আনুমানিক ২০ থেকে ২৫ কোটি ডলার এবং দ্বিতীয় পর্বের বাজেটও প্রায় একই। সব মিলিয়ে এটি ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে বড় বাজেটের প্রকল্পগুলোর একটি। বাল্মীকি রচিত রামায়ণের মূল কাহিনিতে অযোধ্যার রাজপুত্র রাম, তাঁর স্ত্রী সীতা, লঙ্কার রাজা রাবণ এবং সীতা উদ্ধারে রামের দীর্ঘ বনবাস ও বানরবাহিনীর সহায়তায় যুদ্ধের চিত্র ফুটে উঠেছে।

নমিত মালহোত্রা বলেন, ভারতের প্রায় প্রতিটি পরিবারেই দাদি-নানির মুখে রামায়ণের গল্প শুনে শিশুরা বড় হয়। শুধু ভারত নয়, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে এর নানা সংস্করণ রয়েছে। এর আগে ১৯৮৭-৮৮ সালের ভারতীয় টেলিভিশন সিরিজ ‘রামায়ণ’ দেখার জন্য মানুষ প্রতি রোববার টেলিভিশনের সামনে বসে থাকত, যা কার্যত পুরো দেশকে থামিয়ে দিয়েছিল।

পরিচালক নিতেশ তিওয়ারির মতে, রামায়ণের সবচেয়ে বড় শক্তি এর মানবিক আবেগ। তাঁর ভাষায়, এটি মূলত নৈতিকতা, সম্পর্ক, ভালোবাসা, দায়িত্ব ও মানুষের আবেগের গল্প। বিশাল সেট, যুদ্ধ এবং দেবতা ও দানবের দৃশ্যের মাঝেও দর্শক যাতে চরিত্রগুলোর আবেগের সঙ্গে যুক্ত হতে পারেন, সেটিই নির্মাতাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল।

চলচ্চিত্রটির ভিজ্যুয়াল এফেক্টের পেছনে কাজ করছে ডিএনইজি, যারা ‘ওপেনহাইমার’, ‘ডুন’ ও ‘ব্লেড রানার ২০৪৯’-এর মতো অস্কারজয়ী সিনেমায় কাজ করেছে। নমিত মালহোত্রার লক্ষ্য হলো ‘ভারত থেকে বিশ্বের জন্য’ একটি সিনেমা তৈরি করা। আরআরআর ও অ্যানিমেল-এর মতো ছবির আন্তর্জাতিক সাফল্যের আত্মবিশ্বাস থেকে নির্মাতারা রামায়ণকে একটি বিশ্বব্যাপী চলচ্চিত্র-ঘটনা হিসেবে তুলে ধরতে চাইছেন। নভেম্বরে প্রথম পর্ব মুক্তির পর বোঝা যাবে, হাজার বছরের পুরনো এই কাহিনি আধুনিক বিশ্বের দর্শকের হৃদয়ে কতটা জায়গা করে নিতে পারে।

শেয়ার করুন