রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির

প্রকাশ:

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী মহানগর শাখার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও রাজশাহী মহানগর শাখার সভাপতি ইমরান নাজির। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর আমির ড. মাওলানা কেরামত আলী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর শাখার সেক্রেটারি ডা: সাখাওয়াত হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির ডা: মোহাম্মদ জাহাঙ্গীর, সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক ও রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা: ফাতেমা সিদ্দিকা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. শাহ হোসাইন আহমদ মেহ্দী এবং ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুজাহিদ ফয়সাল।

বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে নিজেদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। পড়াশোনার পাশাপাশি ক্যারিয়ার গঠনে নৈতিকতা, দক্ষতা ও দায়িত্বশীলতা অর্জনের ওপর তারা বিশেষ গুরুত্বারোপ করেন। এছাড়া শিক্ষার্থীদের মেধা ও দক্ষতার সঠিক বিকাশের মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

শেয়ার করুন