বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসার পর দেশজুড়ে আবারও ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হলেও তা গরম কমাতে কোনো প্রভাব ফেলেনি। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, শনিবার দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, আজ রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এই আবহাওয়া পরিস্থিতি রোববারও অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।





