চার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, নদ-নদীর পানি বাড়ার শঙ্কা

প্রকাশ:

দেশের চারটি বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (২৫ আগস্ট) দেওয়া বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, অন্যান্য বিভাগেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিসের তথ্যমতে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি বর্তমানে ভারতের ঝাড়খণ্ডের দিকে অবস্থান করছে। এছাড়া মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে।

আগামী তিন দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একই সাথে রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। বৃহস্পতিবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু অংশে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। শুক্রবার ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টির প্রবণতা বেশি থাকবে এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। শনিবার দেশের আটটি বিভাগেই বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বর্তমানে দেশের সব প্রধান নদ-নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আগামী তিন দিন সিলেট, ময়মনসিংহ, রংপুর ও চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় এসব অঞ্চলের নদ-নদীর পানি বাড়তে পারে। এছাড়া এসব বিভাগের উজান এলাকাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

শেয়ার করুন