সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া। সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাকে এই পদে নিয়োগ প্রদান করেছেন। বুধবার (২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুসারে অধ্যাপক নাজমুজ্জামান ভূঁইয়া দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পরবর্তী পাঁচ বছর অথবা তার বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া—এর মধ্যে যেটি আগে ঘটবে, সেই সময় পর্যন্ত তিনি পিএসসির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।
এর আগে গত ১৮ আগস্ট পিএসসির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেম। তিনি অন্তর্বর্তী সরকারের সময় এই দায়িত্ব পেয়েছিলেন।
এদিকে, পিএসসির প্রধানকে জনসমাজে ‘চেয়ারম্যান’ হিসেবে সম্বোধন করা হলেও সরকারি নথিপত্রে পদটি ‘সভাপতি’ হিসেবে উল্লেখ থাকে। সংবিধানের ১৩৭, ১৩৮ ও ১৩৯ অনুচ্ছেদ এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইন, ২০২৩ অনুযায়ী এই পদের সাংবিধানিক ও আইনি নাম ‘সভাপতি’। জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আইন ও সরকারি নথির ভাষা বজায় রাখার স্বার্থেই এবারের নিয়োগ প্রজ্ঞাপনে ‘সভাপতি’ শব্দটি ব্যবহার করা হয়েছে।





